'অনাকাঙ্ক্ষিত কিছু হলে দায় নেতাদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও উৎসাহের কমতি নেই। দায়িত্বজ্ঞানহীনতা আর আচরণবিধি লঙ্ঘন যা কিছু হয়েছে, তার সবই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাঁদের কর্মীরা। সুষ্ঠু ভোট না হলে এর দায় নিতে হবে ওই নেতা-কর্মীদেরই। সিটি নির্বাচন নিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ নাগরিকদের এমনই অভিমত।
নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটাররা যাতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। ভোটের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, তার জন্যও সতর্ক থাকতে হবে নেতাদের।
এ বিষয়ে শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, ‘চারপাশে মানুষের যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তাতে খুব ভালো লাগছে। এই উৎসাহে যেন ভাটা না পড়ে। ভোটের ফল যা-ই হোক না কেন, সেটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। ভোটের পর যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবেন নেতারাই।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন মনে করেন, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়াটাই সবচেয়ে জরুরি। ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘যোগ্য প্রার্থীকে, দক্ষ প্রার্থীকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মানুষ বেছে নিক।’
সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের স্ববিরোধী অবস্থানের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নছরুল কাদির বলেন, ‘ভোটের দিন নগরে সেনাবাহিনী টহল দিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সাহস হতো না কারও। কেন্দ্র দখল, ভোটারদের বাধা দেওয়া ঠেকাতে সেনাবাহিনীর প্রয়োজন।’
স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম জানান, গত ১০-১৫ দিন তিনি নগরের ৩০টি ওয়ার্ডে গেছেন। সব জায়গায় উৎসাহ-উদ্দীপনা দেখেছেন তিনি। এ উৎসাহ যেন নেতাদের প্রেরণা হয়ে থাকে, পরে ক্ষমতায় গিয়ে যেন তাঁরা এসব ভুলে না যান।
উৎসবমুখর পরিবেশটা যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন ড্যাব চট্টগ্রামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব খুরশীদ জামিল। তিনি জানান, গত তিন দিনে পুলিশের বাড়াবাড়ি ও নির্বাচন কমিশনের নির্লিপ্ততা তাঁকে শঙ্কিত করেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘মামলা-মোকদ্দমা, ধরপাকড় করে হয়রানি করা হচ্ছে। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে মানুষ যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে।’
তবে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো তেমন কিছু ঘটেনি বলে দাবি করেছেন নাট্যনির্দেশক অভিনেতা আহমেদ ইকবাল হায়দার।