‘অনুগ্রহ করে সাইড টক করবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ অধিবেশনে একজন সাংসদ যখন কথা বলেন, তখন অন্য সাংসদেরা খোশগল্প করেন। এ নিয়ে গতকাল ডেপুটি স্পিকার শওকত আলী সাংসদদের দৃষ্টি আকর্ষণ করে পাশ থেকে কথা না বলার অনুরোধ করেছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনার সময় ডেপুটি স্পিকার সাংসদদের উদ্দেশে বলেন, ‘আপনারা মাইক ছাড়া সাইড টক এত বেশি করেন যে, আমার মাইকের কথা শুনতে অসুবিধা হয়। অনুগ্রহ করে সাইড টক করবেন না।’এ সময় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করছিলেন। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ সৃষ্টি করায় তিনি তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, নারী শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আজ পর্যন্ত কোনো আদালত অপরাধীকে এ শাস্তি দেননি। স্বল্প শাস্তি পাওয়া ধর্ষকেরা জেল থেকে ছাড়া পেয়ে একই অপরাধ করে। আবদুল মান্নান (বগুড়া-১) জামায়াত-শিবির নিষিদ্ধ করতে অবিলম্বে সংসদে বিল আনার আহ্বান জানান। পরে অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।