'অনুপস্থিত' ছয় শিক্ষার্থীর খোঁজ মিলেছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘অনুপস্থিত’ ছয় শিক্ষার্থীর খোঁজ প্রাথমিকভাবে মিলেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রাণিবিদ্যা বিভাগের ‘অনুপস্থিত’ ছাত্রী গত বছর বিয়ে করার পর সন্তানধারণের কারণে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এ ছাড়া তিনি একটি কলেজে ভর্তি হয়ে হোমিওপ্যাথিক বিষয়ে পড়াশোনাও শুরু করেছিলেন। মঙ্গলবার তিনি স্বামীসহ ক্যাম্পাসে গিয়ে তাঁর বিভাগ ও প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করেন। ফার্মেসি বিভাগের দুজন রোববার বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন এবং একটি পরীক্ষায়ও অংশ নেন। দর্শন বিভাগের শিক্ষার্থী বিদেশ আছেন। তিনিও তাঁর বিভাগ ও প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করেছেন। ফলিত পদার্থবিদ্যার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং অন্যজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘অনুপস্থিত’ ছয় শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। ‘অনুপস্থিতরা’ পুলিশ প্রশাসন ও প্রক্টরিয়াল বডিকে তাঁদের অনুপস্থিতির কারণ জানিয়েছেন। তাঁদের অনুপস্থিতির কারণ যথার্থ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘অনুপস্থিত’ ছয় শিক্ষার্থী যোগাযোগ করেছেন। তাঁরা তাঁদের ‘অনুপস্থিতির’ কারণ লিখে নিজ নিজ বিভাগে জমা দিয়েছেন। তাঁদের নিজ নিজ বিভাগ বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেবে। এরপর প্রক্টরিয়াল বডি বিষয়টি যাচাই-বাছাই করবে।
এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক(তদন্ত) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ছয় শিক্ষার্থীর ব্যাপারে এখনো যাচাই-বাছাই করছি।’
রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির উদ্যোগ নেয়। সর্বশেষ গত রোববার ‘অনুপস্থিত’ ছয় শিক্ষার্থীর তালিকা হাটহাজারী থানা-পুলিশকে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।