'অনুপস্থিত' শিক্ষার্থীদের তালিকা পুলিশকে দিল কর্তৃপক্ষ
দীর্ঘদিন ‘অনুপস্থিত’ থাকা ছয় শিক্ষার্থীর তালিকা হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকায় থাকা শিক্ষার্থীরা ২ থেকে ১০ মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসছেন না। গতকাল রোববার বিকেলে তালিকাটি হাটহাজারী থানায় পাঠানো হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
অনুপস্থিত তালিকায় ফলিত পদার্থবিদ্যা ও ফার্মেসি বিভাগের দুজন করে চারজন, প্রাণিবিদ্যা ও দর্শন বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার পর অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল পুলিশ। চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে ওই চিঠি পাঠানো হয়। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির উদ্যোগ নেয়।
এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তালিকা হাতে পেয়েছি আমরা। তালিকাটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তালিকায় থাকা শিক্ষার্থীদের নাম আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে।’