‘অনুপস্থিত’ ৪৯ জন শিক্ষার্থীর নামের একটি তালিকা গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের কাছে জমা দিয়েছেন আরবি বিভাগের সভাপতি। এতে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম ওরফে মারজানের নামও রয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পুলিশের কাছে ‘অনুপস্থিত’ যে ছয় শিক্ষার্থীর নাম জমা দেওয়া হয়, তাতে মারজানের নাম ছিল না। অবশ্য পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় শিক্ষার্থীর অবস্থান জানতে পারে। তাঁদের মধ্যে চারজন সশরীরে এসে পরে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন।
আরবি বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী আরবি বিভাগকে বুধবারের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলেন। এ নির্দেশনা মেনে গতকাল দুপুরে আরবি বিভাগের সভাপতি স্বাক্ষরিত ৪৯ অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।
আরবি বিভাগের সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে রেজিস্ট্রার বরাবর ৪৯ অনুপস্থিত শিক্ষার্থীর নাম পাঠিয়েছি। সময় স্বল্পতার কারণে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’