‘অনে বৃষ্টি নামলে আর আটকিতাম নায়’
প্রথম আলোর পক্ষ থেকে গত সোমবার ও গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হয়েছে। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মীরা খুশি। তাঁরা প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সিলেট নগরের ১৮৬ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। নগরের পৌরবিপণিতে বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় অন্যান্যের মধ্যে প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পিনাকরঞ্জন দেবনাথ, বিক্রয় নির্বাহী আবদুল্লাহেল রাফি উপস্থিত ছিলেন। পরে প্রথম আলোর সিলেটের এজেন্ট সিরাজুল ইসলাম খান, হকার্স সমিতি সিলেটের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সংবাদপত্র পরিবেশক সিকান্দর আলীর সঙ্গে মতবিনিময় করেন এ বি এম জাকারিয়া।রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী সোহাগ মিয়া (৩০) বলেন, ‘বৃষ্টি আইলেই আটকি যাইতাম। পেপার বিলি করতে পারতাম না। অনে বৃষ্টি নামলে আর আটকিতাম নায়।’ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪০ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন। রেইনকোট বিতরণকালে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিক্রয়কর্মী ইছহাক বলেন, ‘প্রথম আলো আগে টাকা দিয়েছে, কোর্তা দিয়েছে, এখন দিল রেইনকোট। প্রথম আলোকে ধন্যবাদ।’মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেইনকোট পেয়েছেন ২৩ জন বিক্রয়কর্মী। সেখানে রেইনকোট বিতরণের সময় স্থানীয় পরিবেশক অরবিন্দ কুমার পাল, মুজিবুর রহমান, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্রয়কর্মী মাহবুবুর রহমান বলেন, ‘হকারের লাগিও যে প্রথম আলোর দরদ আছে ইটা আইজ বুঝলাম।’হবিগঞ্জ শহরে ১২ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, সংবাদপত্র এজেন্ট আবদুল বারী লস্কর প্রমুখ রেইনকোট বিতরণকালে উপস্থিত ছিলেন।কুমিল্লার নাঙ্গলকোটে রেইনকোট পেয়েছেন ছয়জন বিক্রয়কর্মী। আর মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় সাতজন। উভয় স্থানে রেইনকোট বিতরণকালে প্রথম আলোর আঞ্চলিক বিপণন কর্মকর্তা আতিকুর রহমান, লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নাথেরপেটুয়ার বিক্রয়কর্মী গোলাপ তপু বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে পত্রিকা বিলি করি। এই প্রথম রেইনকোট পেলাম।’ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ও লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।