'অনেক কাজ করে গেছেন সাইদুর রহমান'

চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুর পর তাঁর চোখ আলো জ্বেলেছে অন্যের চোখে। কলেজে পড়ার সময় বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন। স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতার আগে-পরে রাস্তায় নেমেছেন। ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। এই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন গত ২৮ জানুয়ারি। প্রথিতযশা এই চিকিৎসকের নাম অধ্যাপক ডা. এ এইচ সাইদুর রহমান (১৯৩৬-২০১৬)। বন্ধু-স্বজন তাঁকে চেনেন ডা. খসরু নামে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এ এইচ সাইদুর রহমানের শোকসভার আয়োজন করেন। সাইদুর রহমানের রাজনৈতিক আদর্শ তাঁর পেশাগত জীবনে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সাইদুর রহমান অল্প কথা বলতেন, কিন্তু রোগীদের প্রত্যেকের চেহারা মনে রাখার চেষ্টা করতেন। সবার প্রতি তাঁর প্রখর মনোযোগ ছিল বলে জানান তিনি।
তাঁর স্ত্রী জেরিনা রহমান বলেন, ‘ওঁর দুটি চোখ দিয়ে এখন দুজন মানুষ দেখতে পান। আমার ৫৮ বছরের সংসার। ওঁর ছোট-বড় সব সুখ-দুঃখের সঙ্গী ছিলাম আমি।’ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিএমএর সাবেক সম্পাদক সারওয়ার আলী জানান, ১৯৬২ সালে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
বিএমএর সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আরও কয়েকজন বক্তা চিকিৎসকদের মর্যাদা আদায়ের আন্দোলনে তাঁর অবদানের কথা উল্লেখ করে বলেন, এক জীবনে অনেক কাজ করে গেছেন সাইদুর রহমান।
বারডেম হাসপাতালে তিনি যে ইউনিটে কাজ করেছেন, সেটি তাঁর নামে নামকরণ করার ঘোষণাও দেন ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক অজয় রায়, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, বিএমএর বর্তমান এম ইকবাল আর্সলান, বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন্নাহার প্রমুখ।