আশুলিয়ায় হামলা করে পুলিশ সদস্য মুকুল হোসেনকে হত্যা ও আরেক সদস্যকে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে ‘অনেক তথ্য’ পাওয়া গেছে এবং শিগগিরই তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে দাবি করেছে পুলিশ। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বলেছেন, তদন্তের স্বার্থে বিশদ তথ্য প্রকাশ করা যাচ্ছে না। এদিকে হামলার ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে শিল্প পুলিশ-১-এর তিনজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাভার সার্কেলের এএসপি নাজমুল হাসান বলেন, ‘ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব না হলেও তাদের বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তা প্রকাশ করার মতো নয়।’
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বলেন, ‘জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগির ভালো খবর দিতে পারব।’ শিল্প পুলিশ-১-এর পরিচালক কাউসার শিকদার বলেন, গত বুধবার কনস্টেবল মুকুলকে হত্যা ও নুরে আলমকে কুপিয়ে জখম করার সময় প্রতিরোধের চেষ্টা না করে পালিয়ে যাওয়ায় কনস্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়টিকে প্রাধান্য দিয়েই তদন্তের প্রাথমিক কার্যক্রম চলছে। পাশাপাশি পুলিশের দিক থেকে দায়িত্ব পালনে অবহেলা নাকি অন্য কোনো রহস্য আছে, তা খতিয়ে দেখতে সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।