বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নাওয়াল তার বাবাকে ফেরত দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য হিলারি ক্লিনটনকে একটি চিঠি দিয়েছে।নাওয়ালের হাতে লেখা ওই চিঠিতে হিলারি ক্লিনটনকে বাংলাদেশ সফরের জন্য অভিনন্দনও জানায় সে। চিঠিতে নাওয়াল লিখেছে, ‘আমার প্রতি তোমার মনোযোগ চাচ্ছি। আমার বাবাকে গত ১৭ এপ্রিল মধ্যরাতে কিছু অজ্ঞাত লোক অপহরণ করেছে। আমার বাবা ইলিয়াস আলী একজন সাবেক সাংসদ, দেশপ্রেমিক রাজনীতিবিদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক। কিন্তু অপহরণের পর কেউ তাকে আমার কাছে ফিরিয়ে দেয়নি। অনেক দিন হয়ে গেছে আমার বাবা আমাকে চুমু খায় না। আগে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে আমাকে চুমু খেত। আমি খুব একাকী বোধ করছি এবং কষ্ট পাচ্ছি। বাবা ছাড়া আমার পৃথিবীকে খালি মনে হয়। তুমি বুঝবে, কেননা তুমি একজন মা। আমি আমার বাবাকে চুমু খেতে চাই। আমি বিশ্বাস করি, সরকার আগ্রহ দেখালে আমার বাবা আমার কাছে খুব শিগগির ফিরে আসবে।‘তাই তোমার কাছে অনুরোধ, দয়া করে এই ইস্যুটি বাংলাদেশ সরকারের কাছে তুলবে। এবং আমার বাবাকে ফিরে পেতে সরকারকে সহায়তা করবে। তোমার সফলতা কামনা করি।’