'অনেক ভোট দেখছি, এবারের মতো দেখি নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক ভোট দেখছি, এবারের মতো দেখি নাই, এবার কেউ মুখ খুলছেন না। ভোটাররা ভোট দিচ্ছেন, বাড়ি যাচ্ছেন, কিন্তু কেউ বলছেন না কাকে ভোট দিয়েছেন।’ গতকাল শনিবার বিকেল চারটার দিকে নীলফামারীর ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তানজিরুল ইসলাম (৩৫) কেন্দ্রের বাইরে এসব কথা বলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনছারুল হক বলেন, বিকেল পৌনে চারটা পর্যন্ত ৩ হাজার ৭৬ ভোটের মধ্যে ২ হাজার ৬০০ ভোট পড়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। তবে সকালে ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
চতুর্থ দফায় গতকাল শনিবার ডোমারের ১০ ইউপি ও কিশোরগঞ্জের ৯ ইউপিতে নির্বাচন হয়। এসব ইউনিয়নে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে। এসব ইউনিয়নের বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতির কথা জানা গেছে। সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা ১১টার দিকে কিশোরগঞ্জে ও দুপুর ১২টার দিকে ডোমারে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কমে যায়।
ডোমারের হরিণচড়া ইউনিয়নের হরিহারা শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ২০০ ভোটের মধ্যে ভোট পড়ে ৫০০।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোনারায় ইউনিয়নের সোনারায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ৫২ ভোটের মধ্যে ৭০০ ভোট পড়ে। দুপুর ১২টা পর্যন্ত ডোমার ইউনিয়নের আরডিআরএস ডোরেশন ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ ভোটের মধ্যে ৫০০ ভোট পড়েছে। বেলা একটা পর্যন্ত বামুনিয়া ইউনিয়নের নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১ হাজার ২৩৮ ভোটের মধ্যে ৮০০ ভোট পড়ে। বেলা দুইটা পর্যন্ত জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে ১ হাজার ৮৪৬ ভোটের মধ্যে ১ হাজার ২০০ ভোট পড়ে। একই ইউনিয়নের মির্জাগঞ্জ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা তিনটা পর্যন্ত ২ হাজার ২৬ ভোটের মধ্যে ১ হাজার ৬০০ ভোট পড়ে। কেতকীবাড়ি ইউনিয়নের পশ্চিম চান্দখানা সরকারি প্রথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা সোয়া তিনটা পর্যন্ত ১ হাজার ৫১০ ভোটের মধ্যে ১ হাজার ১০০ ভোট পড়ে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি মার্চেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ৫৩৮ ভোটের মধ্যে প্রায় ২ হাজার ভোট পড়ে। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, দুপুরের মধ্যে বেশির ভাগ কেন্দ্রে প্রায় ৫০ থেকে ৫২ শতাংশ ভোটার ভোট প্রয়োগ করেছেন।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে হরিণচাড়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. ওসমান গনি (ধানের শীষ) বলেন, ভোটাররা নির্দ্বিধায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুরে এমন কথা বলেন বামুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন রায়।