সারা বছর ক্লাসেও পড়ালেখায় নেই, বছর শেষে পরীক্ষার দাবিতে হলে তালা গত কয়েক বছর ধরে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে এই বাক্যটিই যেন মিলে যাচ্ছে। এ কারণে পরীক্ষা কখনো স্থগিত হচ্ছে, কখনো বা আবার শুরু হচ্ছে বিলম্বে।
তবে শুধু ‘অনৈতিক’ভাবে পরীক্ষা দেওয়ার দাবিতে হলে তালা দেওয়া নয় কখনো নিজের সংগঠনের নেতার বহিষ্কার দাবিতে কখনো বা আবার নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রেশ ধরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগাচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু গত আড়াই বছরেই পরীক্ষার হল ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকেই তালা পড়েছে আটবার।
গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নির্ধারিত যোগ্যতা পূরণ না করার কারণে ছাত্রলীগের এক কর্মী পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় পরীক্ষার হলে তালা লাগায় ছাত্রলীগের একাংশ। শিক্ষকেরা বাধা দিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে প্রক্টরিয়াল বডি এসে তালা ভাঙলে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর পুলিশ পাহারায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হলে তালা লাগানোর ঘটনায় যেমন শিক্ষক ও অন্য পরীক্ষার্থীরা ভোগান্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তেমনি মূল ফটকে তালা লাগানোর ঘটনায়ও বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় প্রত্যেক ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিলেও আজ পর্যন্ত একটি ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হয়নি।
অভিযোগ রয়েছে, সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মী হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একটি বিভাগে তালা লাগানো হলেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব ঘটনায় জড়িত। এ কারণে তাঁদের চিহ্নিত করা কঠিন হয়ে যায়। সর্বশেষ তালা লাগানোর ঘটনায় আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি। তাঁদেরকে কারণ দর্শাতে বলা হবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো ঘটনা তদন্তে কিংবা ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরই এসব বিষয় দেখার কথা। অথচ দীর্ঘদিন ধরে তারাই ক্যাম্পাসে নেই।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পাওয়ায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে, ২০১৩ সালের ১৪ নভেম্বর উদ্ভিদবিজ্ঞান বিভাগের ও ২০১২ সালের ৮ সেপ্টেম্বর রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে তালা লাগানো হয়। এ ছাড়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রেশ ধরে ২০১৩ সালের ১৮ মার্চ ও ১৫ মে, স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ৯ জুলাই, ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ২৪ আগস্ট ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
অন্যদিকে, ২০১২ সালের ১২ অক্টোবর নিজ সংগঠনের এক সাংগঠনিক সম্পাদককে বহিষ্কারের দাবিতে ও ২০১৩ সালের ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়েও ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা।