'অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া নির্বাচন হবে না'
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে গতকাল সোমবার বিকেলে তিনি এ আহ্বান জানান।
গতকাল বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেন। এতে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ ও সাধারণ সম্পাদক বরকত উল্লাহ বক্তৃতা করেন।
শাহাদাৎ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ জন্য আমাদের চেয়ারপারসন মহাসমাবেশ থেকে আন্দোলন-সংগ্রামের ঘোষণা দেবেন। চেয়ারপারসনের নির্দেশ পাওয়ার পরই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন শুরু করতে হবে।’