চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক খাদে পড়ে ৪৪ জনের মারা যাওয়ার ঘটনার চার বছর আজ শনিবার। ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থলে ‘অন্তিম’ নামের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা থাকলেও এখনো তা হয়নি।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ শিক্ষার্থীসহ ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবুতোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ জন শিক্ষার্থী মারা যায়।
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ নির্মাণ করা হয়। দুর্ঘটনাস্থল সৈদালী এলাকায় ‘অন্তিম’ নামের আরেকটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা ছিল। কিন্তু তার কাজ এখনো শুরু হয়নি। ২০১২ সালের ১০ জুলাই এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মধুসূধন দেবনাথ প্রথম আলোকে জানান, ‘অন্তিম’ নির্মাণে ৩৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী মাসে দরপত্র আহ্বান করা হতে পারে।
এদিকে ওই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বজনদের কান্না এখনো থামেনি। ওই দুর্ঘটনায় নিহত পঞ্চম শ্রেণির ছাত্র আশরাফ উদ্দিনের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘এখনো আমার ছেলেকে ভুলতে পারিনি। আমার চার ছেলেমেয়ের মধ্যে আশরাফ ছিল আদরের। সে ছিল সবার ছোট। তার মা এখনো ছেলের জন্য সবার অগোচরে কাঁদে।’
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, ‘সেদিনের দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মৃতি আমরা ভুলতে পারব না।’
মিরসরাই ট্র্যাজেডির চতুর্থ বার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে আবুতোরাব উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।