'অন্ধ মূষিক'টি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গলের ফুলছড়ি চা-বাগান থেকে উদ্ধার করা ‘অন্ধ মূষিক’
শ্রীমঙ্গলের ফুলছড়ি চা-বাগান থেকে উদ্ধার করা ‘অন্ধ মূষিক’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উদ্ধার হওয়া প্রাণী ‘অন্ধ মূষিক’ মারা গেছে। ৯ মার্চ উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়ি চা-বাগান থেকে এটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। ১০ মার্চ এটি মারা গেছে।
শ্রীমঙ্গলের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মোলটিকে (অন্ধ মূষিক) লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছাড়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার এটি মারা গেছে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, উপজেলার ফুলছড়ি চা-বাগানের শ্রমিকদের হাতে এই প্রাণীটি ধরা পড়ে। পরে সেখান থেকে এটিকে উদ্ধার করা হয়। জনসাধারণের হাতে আটক হওয়ার সময় প্রাণীটি আহত হয়েছিল।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রকাশিত রেড লিস্ট অব বাংলাদেশ গ্রন্থে বলা হয়েছে, এটির বৈজ্ঞানিক নাম Euroscaptor micrura. বাংলায় এটিকে অন্ধ মূষিক, সুসেনদরি বা চুঁচো বলা হয়ে থাকে। ইংরেজিতে এটিকে হিমালয়ান মোল বা ইস্টার্ন মোল বলা হয়। এটি একটি স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীটির বিস্তৃতি রয়েছে ভুটান, চীন, ভারত, মালয়েশিয়া ও নেপালে। বাংলাদেশের লাউয়াছড়ায় দুবার এই প্রাণীটিকে পাওয়ার রেকর্ড আছে।
বন্য প্রাণী গবেষক তানিয়া খান প্রথম আলোকে বলেন, এই প্রাণীটি নিভৃতচারী। গর্তে থাকে এবং নিশাচর। যে কারণে এটিকে সচরাচর দেখা যায় না। তবে শুধু লাউয়াছড়ায় পাওয়া গেলেও মিশ্র-সবুজ বনে এটি পাওয়ার সম্ভাবনা আছে।