দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোতে ওপরের দিকে দুর্নীতির সমস্যা বেশি। মাননীয় মন্ত্রী ও সচিবদের বলব, মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি হবে না, এমন ঘোষণা দেন। তারপর সেই অনুযায়ী কাজ করেন। তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদক এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দুদক নিয়মিত গণশুনানির আয়োজন করছে। কারণ, জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন হয়। সরকারি প্রতিষ্ঠানগুলোর সব কাজ জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। চট্টগ্রামে দুদক অনেক কাজ করবে। দুর্নীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, ‘দুর্নীতির দায়ে ছোট পদের কর্মকর্তাদের বেশি ধরা হয়েছে। ওপরের পদের দুর্নীতিবাজদের ধরার চেষ্টা চলছে। যে যত বড় পদেই থাকুন না কেন, অন্যায় করে পার পাওয়া যাবে না।’
দুদক চট্টগ্রামের পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারওয়ার জাহান, মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, বোয়ালখালী, কবিরহাট ও লাকসাম দুর্নীতি প্রতিরোধ কমিটিকে সেরার পুরস্কার দেওয়া হয়।
এদিকে গতকাল সন্ধ্যায় কাস্টম হাউসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, যারা দুর্নীতি করছে, তারা যত বড় হোক, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের জেল পর্যন্ত নিয়ে যাবার ব্যবস্থা নেবে দুদক।
কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাস্টমস ও দুদকের কর্মকর্তারা এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেন, কাস্টমসের পদ্ধতিগত উন্নতি দরকার। এ জন্য প্রতিনিয়ত যেসব সমস্যার উদ্ভব হয়, তা সমাধান করতে ব্যবহারকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা এবং প্রতি সপ্তাহে একবার গণশুনানি করার জন্য কাস্টমস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।