বাংলাদেশের চায়ের খ্যাতি ও চা-বাগানের সৌন্দর্য বিশ্বজোড়া। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে চা-শ্রমিকদের শোষণ-বঞ্ছনা, প্রতারণা, নির্যাতন-নিপীড়ন ও দাসসম জীবন যাপনে বাধ্য করার এক নির্মমতা। এই নির্মমতা থেকে মুক্তির লড়াইয়েরও রয়েছে এক গৌরবময় রক্তাক্ত সংগ্রামের ঐতিহ্য। সেই ঐতিহ্য বুকে লালন করে অনবরত অন্যায়ের বিরুদ্ধে চা-শ্রমিকদের সংগ্রাম চলবেই।গতকাল রোববার সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগানের পূজামণ্ডপে চা-শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মালনীছড়া চা-বাগান শাখার আহ্বায়ক সন্তোষ নায়েক।চা-শ্রমিক সংগঠক বচন কালোয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদের সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হূদেশ মুদি, সুশান্ত সিনহা, শান্তি যাদব, সন্তোষ বারাইক, গৌরা প্রসাদ মোহান্ত, বিমল গঞ্জু, চৈতন মুদি প্রমুখ। আলোচনা সভার আগে সকাল সাতটায় সিলেট জেলার সব কটি চা-বাগানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে চা-শ্রমিকেরা পুষ্পস্তবক অর্পণ করেছেন।সভায় বক্তারা আরও বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও চা-শ্রমিকেরা শিক্ষা-চিকিৎসার ন্যূনতম অধিকারটুকু পাচ্ছেন না। বসবাসকৃত ভূমিতে কোনো অধিকার পাচ্ছেন না। রোগে-শোকে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা চা-শ্রমিকদের কাছে নিত্যদিনের বিষয়। সভায় চা-শ্রমিকেরা বাগানের মালিক ও সরকারের প্রতি কয়েক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২০০ টাকা নির্ধারণ, সাপ্তাহিক রেশন হিসেবে উন্নতমানের পাঁচ কেজি চাল প্রদান, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, ভূমির স্থায়ী মালিকানা প্রদান এবং ২০ মে রাষ্ট্রীয়ভাবে ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন এবং ওই দিন চা-বাগানে ছুটি ঘোষণা।