ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, অন্যের মতকে সম্মান করতে না পারলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি না থাকার কারণেই সংঘাত, দ্বন্দ্ব ও জঙ্গিবাদের উত্থান ঘটে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘দুর্জয় তারুণ্য—দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ শীর্ষক দুদিনব্যাপী জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সুলতানা কামাল এসব কথা বলেন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ (ডিইউডিএস) এ প্রতিযোগিতার আয়োজন করে। সারা দেশের ৬০টি স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অঙ্গীকার। এমন একটি সমাজ হবে, যেখানে সব মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে। সেটি করতে হলে অবশ্যই সংস্কৃতিমনা, পরিশীলিত ও মার্জিত মনের মানুষ হতে হবে। তিনি বলেন, ‘যারা বিতার্কিক তারা যুক্তির মাধ্যমে নিজেদের মতামত ব্যক্ত করবে। পরমতসহিষ্ণুতা, অন্যের মত প্রকাশের স্বাধীনতা শেখায় বিতর্ক।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিতর্কচর্চার মাধ্যমে তরুণদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, জঙ্গিবাদের উত্থান মোকাবিলা করতে হবে। নিজেদের পাশাপাশি, আশপাশের মানুষ এবং পুরো বিশ্ববাসীকে পথ দেখাতে হবে। সেটি হবে অবশ্যই যুক্তির মাধ্যমে। কারণ, যুক্তির মধ্যেই স্বপ্ন বেঁচে থাকে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জঙ্গিবাদ মোকাবিলা করতে তরুণদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে আমরা এখনো ততটা সফল হইনি। এ জন্য তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
বিতর্ক সংসদের সভাপতি রায়হান শাননের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবা নাসরীন, রোবায়েত ফেরদৌস প্রমুখ।