'অনড়' জাপার প্রার্থীদের নিয়ে চিন্তিত নয় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ সংসদ নির্বাচন
একাদশ সংসদ নির্বাচন

সিলেটের ছয়টি আসনের প্রতিটিতেই একক প্রার্থী ঘোষণা করেছে মহাজোট। এর মধ্যে কেবল একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী মহাজোটের মনোনয়ন পেয়েছেন। বাকিরা আওয়ামী লীগের। তবে মহাজোট একক প্রার্থী মনোনয়ন দিলেও চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা এখনো অনড়। বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে সমান্তরাল প্রচারণাও চালাচ্ছে। তবে এসব প্রার্থীদের নিয়ে চিন্তিত নন আওয়ামী লীগের প্রার্থীরা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। কেবল সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। এর বাইরে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মাহবুবুর রহমান, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মো. ইয়াহ্ইয়া চৌধুরী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মো. উছমান আলী, সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান এবং সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে সেলিম উদ্দিন প্রার্থী হয়েছেন।

২২ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সিলেটের ৬টি আসনের মধ্যে কেবল সিলেট-২ আসনে জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরীকে পরিচয় করিয়ে দেন। সিলেট-৫ আসনের জাতীয় পার্টি-দলীয় বর্তমান সাংসদ সেলিম উদ্দিন পুনরায় এ আসনটিতে প্রার্থী হলেও সেখানে মহাজোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ-দলীয় সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদারকে।

কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক জানান, মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থীদের যে চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা নিশ্চিতভাবেই নৌকা প্রতীকের ভোট কমাতে একটি ভূমিকা রাখবেন। কারণ ,জাতীয় পার্টির প্রার্থীরা না থাকলে জাপা সমর্থিত ভোটাররা নৌকা প্রতীকেই ভোট দিতেন বলে মনে করা যায়। তবে এ চারটি আসনের মধ্যে সিলেট-৫ আসনে জাপার সেলিম উদ্দিন বেশ কিছু ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থীকে জয় পেতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

তবে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার প্রথম আলোকে বলেছেন, জাতীয় পার্টির প্রার্থী থাকায় তাঁর জন্য খুব একটা সমস্যা হবে না। কারণ, এ আসনে আওয়ামী লীগের একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে। হাফিজ আহমদের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘এখানে দলীয় প্রার্থীর একটা ব্যক্তিগত ইমেজও রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা তাঁর অসংখ্য প্রতিষ্ঠান এখানে আলো ছড়াচ্ছে। এটি তাঁর জন্য ইতিবাচক দিক। জাতীয় পার্টির প্রার্থী না থাকলে তিনি বেশি ব্যবধানে জয় পেতেন। পার্থক্য কেবল এতটুকুই।’

গতকাল জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে গত কিছুদিন আগে তিনি প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁর মেয়াদে এলাকায় প্রচুর উন্নয়ন হওয়ায় ভোটাররা তাঁকেই বেছে নেবেন।

সিলেট-৩ ও সিলেট-৪ আসনের আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন নেতা জানান, মহাজোট যেহেতু এবারও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে, তাই মনোনয়ন না পেয়েও আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া সঠিক হয়নি। অথচ সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে মহাজোটের মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি। জাতীয় পার্টির ভেতরকার মধ্যে শৃঙ্খলাবোধের অভাব থাকায় এমনটা হয়েছে। তাঁরা এও বলছেন, জাতীয় পার্টির প্রার্থী থাকায় আওয়ামী লীগ-দলীয় প্রার্থীদের ভোটে সে অর্থে কোনো প্রভাবই পড়বে না।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন বলেন, বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী ১০ বছরে প্রচুর পরিমাণে উন্নয়নকাজ করেছেন। এ ছাড়া জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশকে প্রতিনিয়ত বিশ্বের বুকে একটি উদাহরণযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন। এ অবস্থায় ভোটাররা পুনরায় নৌকা প্রতীকেই আস্থা রাখবেন। তাই জাতীয় পার্টির প্রার্থী থাকায় খুব একটা ক্ষতির কারণ হবে না।