'অপতৎপরতা রোধে ব্যবস্থা নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো ভাস্কর্য নিয়ে ‘অপতৎপরতা’ এবং পাঠ্যক্রমে ‘সাম্প্রদায়িকতার’ বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জের ৬০টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
গত মঙ্গলবার দেওয়া বিবৃতিতে ওই সব সংগঠনের নেতারা বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক একটি ভাস্কর্য স্থাপন করাকে কেন্দ্র করে দেশে ‘সাম্প্রদায়িক’ উসকানি দিচ্ছে একটা মহল। তারা ভাস্কর্যটি অপসারণসহ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে, যা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাবিরোধী।
বিবৃতিতে নেতারা বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান গ্রহণের দাবি জানাই। সেই সঙ্গে সাম্প্রদায়িকতায় তৈরি পাঠ্যপুস্তক বাতিল করে অবিলম্বে অসাম্প্রদায়িক, প্রগতি ও বিজ্ঞানমনস্ক পুস্তক সরবরাহের দাবি জানাই এবং পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ জেলার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, মহিলা পরিষদ, যুব ইউনিয়ন, যুব মৈত্রী, নারী সংহতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, খেলাঘর, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কবিতা পরিষদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদসহ ৬০টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।