'অপপ্রচারে সৌদি যাচ্ছেন না নারী কর্মীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপপ্রচারের কারণে নারী কর্মীদের সৌদি আরবে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় থেকে এ তথ্যটি জানানো হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য আয়েন উদ্দিন সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় কমিটিকে বলেছে, সৌদি আরবে নারী কর্মীদের ‘নির্যাতন’ করা হয় এমন অপপ্রচারের কারণে নারী কর্মীরা এখন আর সৌদি আরব যেতে চান না। ধর্মান্ধ গোষ্ঠী ও কিছু গণমাধ্যম প্রচার করছে, সৌদি আরবে নারী ‘নির্যাতন’ হচ্ছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার টাকা) বেতনে বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে চুক্তি সই হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি ২০১৫ থেকে বর্তমান সময় পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতি নিয়ে ৪ লাখ ১৪ হাজার ৮১২ জন কর্মী বিভিন্ন দেশে গিয়েছেন।

বৈঠকে জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৫ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। ওই নীতিতে রিক্রুটিং এজেন্সিগুলোর আচরণবিধি উল্লেখ করা থাকবে।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, দিদারুল আলম ও আয়েন উদ্দিন অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম।