'অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির বছরপূর্তি উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নগরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন এই র‌্যালির আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা
হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির বছরপূর্তি উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নগরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন এই র‌্যালির আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা

‘আমার বাবা-ভাই আমাকে মেরেছে। অপমান সহ্য করতে না পেরে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছি। শুধু মায়ের কারণে পারিনি। আমি চাই না আমার মতো যারা আছে তাদের অবস্থা যেন আমার মতো হয়। আমি চাই তারা যেন রাষ্ট্রীয় সকল অধিকার ও শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’
কথাগুলো বলছিলেন আর কাঁদছিলেন হিজড়াদের সংস্থা সুস্থ জীবনের নির্বাহী পরিচালক ববি হিজড়া। এসব কথা শুনে তাঁর মতো অন্য অনেক হিজড়াও কাঁদছিলেন সে সময়। আজ বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘হিজড়া প্রাইড-২০১৪’-এর পরামর্শক সভার একটি দৃশ্য এটি।
স্বাভাবিক জীবন পেতে পারে হিজড়ারাওঘুচলো কলঙ্ক, বৈষম্য ও ভীতি, আমরাও মানুষ, পেলাম তৃতীয় লিঙ্গের স্বীকৃতি—এ মূলমন্ত্রকে সামনে নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস), সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ইউএনএইডস। হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইউএনএইডসের কান্ট্রি ডিরেক্টর লিও ক্যানি এবং এইডস সোসাইটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের নির্বাহী পরিচালক লোক প্রকাশ।

সভার শুরুতে তারানা হালিমের পরিচালনায় হিজড়াদের ওপর তৈরি প্রামাণ্যচিত্র ‘আরও পথ বাকি’ প্রদর্শিত হয়। এতে হিজড়াদের জীবনব্যবস্থা এবং সামাজিকভাবে তারা যে সব বৈষম্যের শিকার হচ্ছে, তা উঠে আসে। এর মধ্য দিয়ে তারা ভালো শিক্ষার ব্যবস্থা, পরিচয়ের আইনগত ব্যবস্থা, রোজগারের ব্যবস্থা এবং ভালো বাসস্থানের ব্যবস্থার দাবি জানায়।
এর পরই বিভিন্ন বিভাগ থেকে আসা হিজড়া প্রতিনিধিরা তাঁদের চাওয়া ও দাবিদাওয়াগুলো উত্থাপন করেন। বরিশাল বিভাগের সোনালী বলেন, ‘আমরা মানুষের মতো বাঁচতে চাই। আমাদের অধিকার দেওয়া হোক সমাজের সাথে চলার। আমরাও আপনাদের মতো মা-বাবার ঘরে জন্ম নিয়েছি। তা–ও কেন আমাদের এত অবহেলা।’
খুলনার বিন্দিয়া বলেন, ‘আমাদের কেউ মূল্যায়ন করে না। কেন, আমরা দেশের নাগরিক না?’
চট্টগ্রামের ফাল্গুনী বলেন, ‘শুধু শিক্ষা নয়, দক্ষতা অনুযায়ী আমাদের চাকরিও দেওয়া হোক।’
রাজশাহীর সাগরিকা বলেন, ‘হিজড়া হিসেবে আমরাও যেন বাবা-মায়ের সম্পত্তির অংশ পাই, সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা করা হোক।’
সভায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরুন্নবীর সঞ্চালনায় মুক্ত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা। তাঁরা বলেন, হিজড়ারা বিদ্যালয় থেকেই বৈষম্যের শিকার হয়। তাই প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো থেকেই এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা তৈরি প্রয়োজন।
সভার প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম হিজড়াদের এ সব দাবি সংসদে উত্থাপন করার অঙ্গীকার করেন। তিনি বলেন, প্রত্যেক সামাজিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে হিজড়াদের জন্য কোটা রাখা উচিত। বিদ্যালয়গুলোতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা উচিত।
হিজড়া বাঁধন সংঘের নির্বাহী পরিচালক পিংকি সিকদারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার শেষ হয়। আয়োজকেরা জানান, এই পরামর্শক সভা থেকে পাওয়া প্রস্তাবগুলোকে নিয়ে ‘ঢাকা ডিক্লারেশন’ তৈরি করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।