'অপমানের' প্রতিবাদে কলেজশিক্ষকদের ক্লাস বর্জন
পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে একজন কলেজশিক্ষক ‘অপমানিত’ হওয়াসহ দুটি ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশের সরকারি কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন করেছেন।
সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমিতির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শিক্ষক অপমানের সঙ্গে জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।
তবে ঢাকা কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, গতকাল সকালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও বিকেলে ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা থাকায় অধিকাংশ সরকারি কলেজে এমনিতেই ক্লাস ছিল না। তাই ক্লাস বর্জনের কর্মসূচি ‘শুভংকরের ফাঁকি’। তিনি শিক্ষক অপমানের প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আই কে সেলিম উল্লাহ খোন্দকার লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে বলা হয়, গত ৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা চলাকালে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষাসংক্রান্ত একটি বিষয় নিয়ে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এক শিক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।