'অপমানের' প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন
পিরোজপুর ও লক্ষ্মীপুরে দুই শিক্ষককে ‘অপমানের’ প্রতিবাদে আজ সোমবার সারা দেশের সরকারি কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন করেছেন।
সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমিতির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শিক্ষক অপমানের সঙ্গে জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আই কে সেলিম উল্লাহ খোন্দকার লিখিত বক্তব্যে পাঠ করেন। বক্তব্যে জানানো হয়, গত ৯ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত একটি বিষয় নিয়ে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এক শিক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। যা শিক্ষক সমাজের পাশাপাশি সভ্য মানুষের বিবেককে আহত করেছে।
বক্তব্যে জানানো হয়, এ ঘটনার পর ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণির হোসেন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও ভান্ডারিয়া কলেজের অধ্যক্ষÿপ্রত্যাহারসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কিন্তু ভান্ডারিয়া কলেজের অধ্যক্ষকে আরও ভালো কলেজে বদলি করা হয়েছে। আর ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হলেও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
লিখিত বক্তব্যে জানানো হয়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক নারী শিক্ষিকাকে আটক করে ছয় ঘণ্টা হাজতে রাখা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সদরের ইউএনওকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি হলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সমিতির সভাপতি নাসরীন বেগম বলেন, এ ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন সচিব তাঁদের আশ্বস্ত করেছেন। কিন্তু কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটাই বড় প্রশ্ন।
সমিতির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ খোন্দকার বলেন, তাঁদের দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাবেন।
তবে,সংগঠনটির শিক্ষকদের একাংশের মধ্যে এ কর্মসূচি নিয়ে আপত্তি রয়েছে। নাম প্রকাশ না করে আপত্তি করা শিক্ষকদের অন্তত তিনজন বলেন,আজ সকালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও বিকেলে ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা রয়েছে। এ কারণে অধিকাংশ সরকারি কলেজে ক্লাস ছিল না। তাই কর্মসূচি ‘শুভংকরের ফাঁকি’।