চট্টগ্রামে বাসায় ঢুকে আজিম হোসেন (১১) নামের এক শিশুকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে জবানবন্দি দেন রনি আক্তার নামের ওই আসামি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে রনি আক্তার বলেন, ঘটনার ১০ দিন আগে তিনি আজিমদের বাসা থেকে একটি মুঠোফোন চুরি করেন। পাঁচ দিন পর ধরা পড়লে তিনি মুঠোফোনটি ফেরত দেন। এ ঘটনায় স্থানীয় সালিসে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর শিশু আজিমসহ তার পরিবারের সদস্যরা তাঁকে চোর বলতে থাকে। এতে তিনি অপমানিত বোধ করেন। অপমানের প্রতিশোধ নিতে আজিমকে খুনের পরিকল্পনা করেন তিনি। গত মঙ্গলবার আজিমের মা-বাবা ঘর থেকে বেরিয়ে গেলে তাঁদের ঘরে ঢুকে আজিমকে গলা কেটে হত্যা করেন।
জবানবন্দি শেষে রনি আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারের দিদার কলোনিতে আজিম হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় তার মা-বাবা কেউ বাসায় ছিলেন না। বিকেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রতিবেশী রনি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
আজিম হোসেন শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।