‘অপরাধ জানলে কম বয়সে বিয়ে করতাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এক ছেলের বাবা। গতকাল রোববার তিনি মেয়ে ও তার মা-বাবাসহ ছয়জনকে আসামি করে মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন। বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে বাল্যবিবাহ নিরোধ আইন-৫ ধারায় মামলাটি করেছেন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের এনামুল হোসেন (৪২)। মামলাটি তদন্তের জন্য আদালত গাংনী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদী অভিযোগ করেন, তাঁর ছেলে (১৫) গাংনী বাদিয়াপাড়া মহসিনিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে উঠেপড়ে লাগে পার্শ্ববর্তী বামুন্দী ইউনিয়নের একটি পরিবার। মাঝেমধ্যে গোপনে ছেলেকে মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হতো। মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বয়স ১৩ বছর ৫ মাস। তার মা এই বাল্যবিবাহে উৎসাহ জুগিয়েছেন। ছেলের বিদ্যাপীঠ গাংনী বাদিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর এবং মেয়ের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানান, ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক।ছেলের ভাষ্য, ‘আমাদের বয়স কম। তবে বিয়ে করেছি নিজেদের ইচ্ছায়।’ কোন কাজি অফিসে বিয়ে হয়েছে তা বলতে অস্বীকৃতি জানায় সে। মেয়েটি বলে, ‘বিয়ে করেছি দুজনে মিলে। এর পেছনে মা-বাবা জড়িত না।’ তারা দুজনই বলে, ‘কম বয়সে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ—এটা জানলে বিয়ে করতাম না।’মেয়ের মা জানান, ছেলে ও মেয়ে সম্পর্ক করে গোপনে কাজি অফিসে গিয়ে বিয়ে করেছে। তারা রোটারি পাবলিকের মাধ্যমে বয়সের এফিডেভিট করেছে। এখন ছেলেপক্ষ মেয়েকে না নেওয়ার জন্য মামলা করেছে।গাংনী মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, নিয়মানুযায়ী এক ইউনিয়নের কাজি অন্য ইউনিয়নের ছেলেমেয়ের বিয়ে পড়াতে পারেন না। কাজি অফিসের বিবাহ রেজিস্ট্রার তাজুল ইসলাম জানান, বয়সের এফিডেভিট থাকলে যেকোনো অঞ্চলের বিয়ে যেকোনো কাজি পড়াতে পারেন। রোটারি পাবলিকে এফিডেভিটকারী আইনজীবী মেহেরুন নেছা বলেন, ‘এফিডেভিটের সময় ছেলেমেয়ের জন্মনিবন্ধন বা স্কুলে ভর্তির সার্টিফিকেট (সনদ) ছিল না। ছেলে ও মেয়েপক্ষের কিছু লোকের চাপে পড়ে বয়সের এই এফিডেভিটটি দিতে বাধ্য হই।’