'অপরাধীরা কাউকে ধরে নিলে তাঁকে উদ্ধারের দায়িত্ব রাষ্ট্রের'
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিষয়টি চ্যালেঞ্জের মুখে। এ ক্ষেত্রে মুখ লুকিয়ে রাখলে হবে না। চোখ খুলে চ্যালেঞ্জ উত্তরণ করতে হবে।
মিজানুর রহমান বলেন, ১৯টি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে চোখের জল ফেলে বলেছেন, দুই বছর আগে তাঁদের স্বামী, ভাই বা ছেলেকে ধরে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা জানতে চেয়েছেন, রাষ্ট্র এঁদের হদিস দেবে কি না। এ ঘটনা নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এঁদের যদি রাষ্ট্র ধরে না নিয়ে থাকে, যদি অপরাধী চক্র নিয়ে থাকে, তাঁদের উদ্ধারের দায়িত্বও রাষ্ট্রের।
গতকাল রোববার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘কনসালটেশন অন সেকেন্ড সাইকেল ইউপিআর রিকোমেন্ডেশনস: স্ট্যাটাস অব ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি মানবাধিকার কমিশনের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। একই সঙ্গে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে যাতে ১৬ বছরে আনা না হয়, সে আহ্বানও জানান।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সর্বজনীন পরিবীক্ষণ পদ্ধতির (ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ) আওতায় বাংলাদেশের দ্বিতীয় মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা হয় ২০১৩ সালে। তখন বাংলাদেশের প্রতিবেদন নিয়ে বিভিন্ন দেশ বেশ কিছু সুপারিশ দেয়। আবার ২০১৭ সালে সরকারকে জেনেভায় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জবাবদিহি করতে হবে। তখন সরকার আগের সুপারিশ বাস্তবায়নের চিত্র তুলে ধরবে। জেনেভায় সরকার যাতে মাথা উঁচু করে দেশের পরিস্থিতি বর্ণনা করতে পারে, সে জন্যই এ মধ্যবর্তী খতিয়ানের আয়োজন করা হয়। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, এনজিও, মানবাধিকার সংগঠন, নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন নীতি ও আইন প্রণয়নের কথা উল্লেখ করে বলেন, সরকার বিভিন্ন সমস্যা সম্পর্কে যেমন সচেতন, তা প্রতিরোধেও বিভিন্ন কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এ পর্বে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম নারী নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি বিশ্বব্যাপী সমস্যায় পরিণত হয়েছে।