‘অপশক্তির বিরুদ্ধে লড়েছেন হাবিবুর’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাবিবুর রহমান সিলেটের প্রতিটি প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ অঞ্চলের প্রগতিশীল ও সমমনা মানুষকে নিয়ে মোর্চা গঠন করে সব ধরনের মৌলবাদ ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর মতো মানুষের আদর্শ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। গতকাল শনিবার বিকেলে নগরের বারুতখানা এলাকায় বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী মোহাম্মদ হাবিবুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সমাজ অনুশীলন সিলেটের উদ্যোগে আয়োজিত সভার শুরুতেই হাবিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী। সিলেটের মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে বক্তৃতা করেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম ও শিশুসাহিত্যিক তুষার কর। আয়োজক সংগঠনের সদস্যসচিব মুক্তাদীর আহমদের সঞ্চালনায় বক্তৃতা করেন শিক্ষক শামসুল আলম, লেখক মিহিরকান্তি চৌধুরী, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। সভায় সিলেটের বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।