‘অপসাংবাদিকতার’ মূল কারণ পেশাদারির অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গণমাধ্যমবিষয়ক এক সংলাপে আলোচকেরা বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতার নামে ‘অপসাংবাদিকতার’ মূল কারণ হচ্ছে পেশাদারির অভাব। এর ফলে এ মাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। এ থেকে উত্তরণে প্রবীণ সাংবাদিক ও সম্পাদকদের নিয়ে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন (জেপিএফ) নামে একটি সংগঠন ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে। এতে প্রবীণ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা অংশ নেন।সভাপতির বক্তব্যে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, ‘সাংবাদিকেরা নিজ বিবেক, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকলে গণমাধ্যমের জন্য আর পৃথক নীতিমালা তৈরির প্রয়োজন পড়ে না। তাই আমি ব্যক্তিগতভাবে নীতিমালার বিরোধী।’ তিনি বলেন, কোনো গণমাধ্যম যদি এমন কিছু প্রকাশ করে, যা দেশের চার মূলনীতির পরিপন্থী এবং দেশের রাজনৈতিক ‘হিজিমনি’ বিনষ্ট করতে পারে; তাহলে সেটি অপসাংবাদিকতা। দেশের ফৌজদারি দণ্ডবিধিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, ফ্রিডম অব প্রেস মানে স্বেচ্ছাচারিতা নয়, এটা সব সময় গণমাধ্যমকর্মীদের মাথায় রাখতে হবে। বর্তমানে বাংলাদেশে সংবাদমাধ্যমের যে চিত্র দেখা যাচ্ছে, তা আগে ছিল না। তিনি মনে করেন, গণমাধ্যমের জন্য প্রবীণ সংবাদিক ও সম্পাদকদের নিয়ে একটি নীতিমালা করা যেতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, অতি রাজনীতির কারণে সাংবাদিকদের দায়বদ্ধতার জায়গা নষ্ট হয়েছে। এ জন্য আইন বা নীতিমালা প্রণয়ন করার দায়িত্ব রাষ্ট্রের। তবে তা গণমাধ্যমের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে হতে হবে।বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, কোনো মিডিয়া হাউস বন্ধ হোক, এটা যেমন কোনোভাবেই কাম্য নয়, তেমনি গণমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানি দিলে তারও বিচার হওয়া প্রয়োজন। বন্ধ থাকা একটি পত্রিকার বিরুদ্ধে এই অভিযোগ প্রবল।সংলাপে মূল প্রবন্ধে জেপিএফের নির্বাহী পরিচালক সাংবাদিক হারুন হাবিব বলেন, মৌলবাদী অর্থনীতির মতোই মৌলবাদী গণমাধ্যম সমাজকে পেছনের দিকে টানছে। অর্থশক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার বদৌলতে তারা একশ্রেণীর মিডিয়াকে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির হাতিয়ার বানিয়েছে। গণমাধ্যমকে একটি সীমার মধ্যে থেকে কাজ করার জন্য প্রবীণ সাংবাদিকদের একটি নীতিমালা প্রণয়ন করার পরামর্শ দেন তিনি।সংলাপে আরও অংশ নেন ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সংবাদ-এর নির্বাহী সম্পাদক মুনীরুজ্জামান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এটিএন নিউজের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক প্রভাষ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।