'অপসারণ নয়, পদত্যাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অপসারণ করা হয়নি। তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যে কারণে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো সম্পর্ক নেই বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে গতকাল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। উপাচার্যের সভাকক্ষে এ বৈঠক হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী প্রক্টরকে অব্যাহতি দেয়। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের দাবির কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি। কেউ যদি এটি মনে করে তাহলে ভুল। আনোয়ারকে অপসারণ করার প্রশ্নই ওঠে না। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। যে কেউ অভিযোগ দিতেই পারে।’ তিনি বলেন, ‘দিয়াজের মৃত্যুর ঘটনা দুঃখের বিষয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তাধীন রয়েছে। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি রহস্য তৈরি হয়েছে। আমি চাই এ ঘটনাটি সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করা হোক।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা ও তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান।

এদিকে সোমবার বিকেল থেকে অবরোধ শিথিল করার পর গতকাল সকাল থেকে শাটল ও ডেমু ট্রেন চলাচল শুরু হয়েছে। অবরোধের কারণে দুই দিন ক্লাস বন্ধ ছিল। গতকাল পরিবহন ধর্মঘটের কারণে নগরে গণপরিবহন চলেনি। এ কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে।

এর আগে দিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করাসহ পাঁচ দফা দাবিতে গত রোববার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অপসারণ ও চাকরিচ্যুত করার দাবি ছিল। অন্যান্য দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দিয়াজের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে ময়নাতদন্ত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল। তাঁকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা।