'অপহরণ মামলা প্রত্যাহার না করাতেই খুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে অপহরণের জন্য আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করার জন্যই ঠিকাদার সুলতান আহমেদকে হত্যা করা হয়েছে। খুনে আফজাল জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গত শুক্রবার রাতে মতিঝিল থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এ কথা উল্লেখ করা হয়েছে।
মতিিঝল থানার পুলিশ জানায়, সুলতানের চাচাতো ভাই তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ফরিদ হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা করেন।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর আরামবাগের কালভার্ট সড়কে ওত পেতে থাকা দুই সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে হত্যা করে ঠিকাদার সুলতান আহমেদকে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালে পাবনার বেড়ায় পানি উন্নয়ন বোর্ডের একটি কাজ করার সময় সেখানে আফজাল হোসেন নামের এক ব্যক্তি ঠিকাদার সুলতানের কাছে দুই কোটি টাকা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় পরে সুলতানকে রাজধানীর কমলাপুর থেকে
অপহরণ করে আফজালের লোকজন। সুলতান সেখান থেকে কৌশলে মুক্ত হয়ে আফজালের বিরুদ্ধে মতিঝিল থানায় অপহরণের মামলা করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটির বিচার কার্যক্রম চলছে।
মামলার বিবরণে আরও বলা হয়, গত ৭ মে ওই মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আদালতে ‘সন্ত্রাসী’ আফজালের সঙ্গে সুলতানের দেখা হয়।
আফজাল তাঁকে মামলা তুলে নিতে চাপ দেন। মামলা প্রত্যাহার করা না হলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। আফজাল এ খুনের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মামলার বাদী ফরিদ সন্দেহ প্রকাশ করেন।
পুলিশ জানায়, সুলতান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আফজাল হোসেনসহ হত্যাকারীদের গতকাল শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি৷
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হত্যাকাণ্ডে আফজাল জড়িত আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঠিকাদারি নিয়ে সুলতানের সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার বাদী ফরিদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তিনি সুলতানের চাচাতো ভাই৷ তবে তাঁরই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। সুলতান ২০১১ সালে পাবনার বেড়ায় নদী পুনঃখননের সাত কোটি টাকার কাজ পান।
ওই বছরের সেপ্টেম্বরে বেড়া থানা কৃষক লীগের নেতা আফজাল হোসেন তাঁর কাছে দুই কোটি টাকা চাঁদা চান৷
এ ঘটনায় সুলতানের এক কর্মী মতিঝিল থানায় আফজালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। আফজাল এতে ক্ষিপ্ত হয়ে তাঁর লোকজন নিয়ে সুলতানকে মাইক্রোবাসে করে তুলে নেন। সুলতান পরে কৌশলে তাঁর কবজা থেকে ছাড়া পান। ফরিদ দাবি করেন, আফজালেরই পরিকল্পনায় চার-পাঁচজন সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, সাবেক এক প্রতিমন্ত্রীর মদদে আফজাল এত বেপরোয়া হয়ে উঠেছেন। এখন তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আফজাল হোসেনের সঙ্গে গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷ শুক্রবারও কয়েকবার চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়৷