'অপহূতের' পরিবারও জিম্মি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একজন যুবককে অপহরণের পর তাঁর পরিবারকেও জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ জিম্মি থাকার পর গতকাল রোববার বাড়ির মালিকের সহায়তায় পরিবারটি ঘর থেকে বের হতে সক্ষম হয়।
অপহূত যুবকের নাম মজিবর রহমান। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে নগরের বহরমপুর এলাকার একটি ভাড়াবাড়িতে থাকেন। তাঁর গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাঝগ্রামে। বাবার নাম ইউসুফ আলী।
মজিবরের স্ত্রী মাহফুজা খাতুন জানান, এক বছর ধরে তাঁরা ওই এলাকায় আবদুল গফুর নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া আছেন। ১ মার্চ মাগরিবের নামাজের আগে তাঁর স্বামী মজিবর বাড়ি থেকে বের হন। রাতে ৮-১০ জন যুবক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে বলেন, তাঁরা মজিবরের কাছে ৬০ হাজার টাকা পাবেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে আট বছরের ছেলে জয়সহ তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং বাড়ি থেকে বের হতে নিষেধ করেন। পরের দিনও তাঁরা বাড়িতে এসে হুমকি দেন। এর পর থেকে ওই সন্ত্রাসীরা পাহারা বসিয়ে বাড়ি থেকে তাঁদের বের হতে দেননি। গতকাল দুপুরে বাড়ির মালিকের সহযোগিতায় মাহফুজা বের হয়ে এসে পুলিশকে খবর দেন। কিন্তু মজিবরের কোনো সন্ধান মেলেনি।
মজিবরের ভাই আহসান হাবিব জানান, গত শনিবার সকালে বাড়ির মালিকের মুঠোফোন থেকে কল করে তাঁর ভাতিজা জয় বলে, গত রোববার থেকে তার বাবাকে পাওয়া যাচ্ছে না। আর কিছু লোক তাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। বের হলে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে।
আহসান হাবিব অভিযোগ করেন, ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে বাগমারা থেকে তিনি ভাইয়ের বাসায় যান। এলাকায় মজিবরকে খোঁজাখুঁজি শুরু করলে জনি নামের স্থানীয় এক যুবকসহ আরও কয়েকজন তাঁকে ধরে নিয়ে বহরমপুর যুব সংঘ নামের এক ক্লাবে আটকে ৬০ হাজার টাকা দাবি করেন। গতকাল পুলিশ তাঁকে উদ্ধার করেছে।
আহসান হাবিব আরও অভিযোগ করেন, তাঁকে উদ্ধারের সময় যাঁরা তাঁকে আটকে রেখেছিলেন এমন চারজনকেও থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত জনির দাবি, তিনি ও তাঁর কয়েকজন বন্ধুর কাছ থেকে মজিবর সুদে ৩৫ হাজার টাকা নিয়েছিলন। সেই টাকা না দেওয়ার ভয়ে মজিবর বাড়ি থেকে পালিয়েছেন। পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।