‘অপহূত’ ফিরলেন তিন মাস পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস আগে ‘অপহূত’ হয়েছিলেন আরিফ হোসেন (২০)। মামলার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুজন জেলহাজতেও ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাড়িতে আসার সময় স্থানীয় লোকজন আরিফকে আটক করে। সোপর্দ করে পুলিশে।আড়াইহাজার থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন আড়াইহাজারের গোপালদী পৌরসভা এলাকার জয়নাল মিয়ার ছেলে আরিফ। এ ঘটনায় আরিফের মা সদাসদি ইউপি সদস্য আদম আলীসহ সাতজনকে আসামি করে অপহরণের মামলা করেন। পুলিশ আদম আলী ও হারুন নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। সপ্তাহখানেক আগে তাঁরা জামিনে মুক্তি পান।বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আরিফ অপহূত হননি। তিনি সিলেটে গিয়ে পাথর তোলার কাজ করেছেন। বিষয়টি তাঁর পরিবারের লোকজন জানার পরও সম্পত্তি নিয়ে শত্রুতা থাকায় প্রতিপক্ষকে হয়রানি করতে অপহরণের মামলা করেন। গতকাল বিকেলে আরিফকে উপজেলার দীঘলদী গ্রাম থেকে আটক করে গ্রামবাসী। প্রতারণার অভিযোগে এখন উল্টো আরিফের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।