‘অপহূত’ ফিরেছে, তবু মামলা জিইয়ে রেখেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কথিত অপহূত মোখলেছুর রহমান (১৩) প্রায় ১৪ মাস পর বাড়ি ফিরেছে। কিন্তু পুলিশ মামলা জিইয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মোখলেছুর রহমানের বাবা এবাদুল হক ২০১০ সালের ২৯ নভেম্বর আদালতে মামলা করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার চান্দুলিয়া গ্রামের মো. ইস্রাফিল গাজী ও তাঁর ভগ্নিপতি একই উপজেলার বারদাহা গ্রামের আকরম হোসেন মোড়ল ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে মোখলেছুর রহমানকে গত বছরের ১৯ জুন ঢাকায় নিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একই বছরের ২৮ নভেম্বর ছেলের খবর জানতে চাইলে আসামি আকরম হোসেন মোড়ল ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আসামি হুমকি দিয়ে বলে, ‘তোমার ছেলে কোনো দিন ফিরে আসবে না।’ ধারণা করা হচ্ছে, মোখলেছুর রহমানকে আসামিরা খুন করে লাশ গুম করে রেখেছে অথবা পাচার করে দিয়েছে অথবা নির্জন স্থানে আটকে রেখেছে। আদালত বিষয়টি তদন্ত করে আশাশুনির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। ওসি তদন্ত শেষে ২০১১ সালের ২ মে মামলা নথিভুক্ত করেন।আশাশুনি থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ১৪ মাস পর গত ৪ সেপ্টেম্বর মোখলেছুর রহমান স্বেচ্ছায় বাড়ি ফিরে আসে। ৫ সেপ্টেম্বর মোখলেছুর রহমান আদালতে জবানবন্দিতে বলে, ‘ফুফাতো ভাই ইস্রাফিল ঢাকা নেওয়ার পথে সাতক্ষীরা এসে মোবাইল ফোনে কাকে যেন বলে আমাকে চাকরি দেবে না। পাচার করবে বা মেরে ফেলবে। ভয়ে আমি অন্য গাড়িতে উঠে যশোরে চলে যাই। সেখানে সবুজ ক্যানটিনে কাজ করি।’এলাকার জাহাঙ্গীর আলম, মর্জিনা খাতুন, আবদুল গফফার গাজীসহ কয়েকজন জানান, মোকলেছুর মাছ বিক্রির টাকা রেখে মিথ্যা কথা বলায় তার বাবা-মা তাকে বকাবকি করেন। সে কারণে সে বাড়ি থেকে পালিয়ে যায়।গত শুক্রবার শ্রীউলা গ্রামের এবাদুল গাজীর বাড়িতে গিয়ে জানা যায়, তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতে গেছেন। তাঁর স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘ইস্রাফিল আমার ছেলেকে ঢাকায় নেওয়ার পথে সে নিখোঁজ হয়। বিষয়টি জানার জন্য কয়েকজন গণকের কাছে গেলে তারা সবাই বলে, নিজেদের লোক মোখলেছুরকে ঢাকা শহরে আটকে রেখেছে। এই কথা বিশ্বাস করে মামলা করেছিলাম। ছেলে বাড়ি ফিরে এসেছে, এখন কারও ওপর অভিযোগ নেই।’ কালীগঞ্জের চান্দুলিয়া গ্রামে ইস্রাফিলের মা আনোয়ার খাতুন জানান, ভাই এবাদুল গাজীর সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ আছে। এর জের ধরে ভাই তাঁদের নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন। ছেলেকে লুকিয়ে রেখে তাঁর ছেলে ও জামাইয়ের নামে মিথ্যা মামলা করেছেন। মোখলেছুর রহমান বাড়ি ফিরে এলেও তাঁর ছেলে ও জামাইকে মামলা থেকে অব্যাহতি দিচ্ছে না। গত ২৪ সেপ্টেম্বর শ্রীউলার চেয়ারম্যান আবু হেনা শাকিল দুই পক্ষকে নিয়ে সালিসে বসে জানিয়েছেন, ২০ হাজার টাকা মামলার তদন্ত কর্মকর্তাকে দিতে হবে। না হলে মামলা থেকে অব্যাহতি পাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তাও জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদনে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারসহ আরও অনেকের সই লাগে। এ জন্য তাঁদের টাকা দিতে হবে।ইস্রাফিল গাজী জানান, মামলায় ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছে ওই দিন তিনি ঢাকায় ছিলেন। ঢাকা শিশু হাসপাতালের এক চিকিৎসকের গাড়িচালক ছিলেন। মায়ের সঙ্গে বিরোধের কারণে হয়রানি করার জন্য মামা ছেলেকে লুকিয়ে রেখে তাঁকে ও তাঁর ভগ্নিপতিকে আসামি করেছে।আকরম হোসেন মোড়ল জানান, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ছয়-সাতবার তাঁদের বাড়িতে এসেছে। এ সময় খরচের নাম করে প্রতিবার দু-এক হাজার টাকা করে দিতে হয়েছে।শ্রীউলা ইউপির চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। ২০ হাজার টাকা নয়, চূড়ান্ত প্রতিবেদনের জন্য যা খরচ লাগবে ওই টাকা উভয় পক্ষকে দিতে বলা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ জানান, ইস্রাফিল ও আকরমের বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ নেই।মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ইতিমধ্যে ওসির সঙ্গে আলাপ করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য কোনো টাকা চাওয়া হয়নি।