‘অপহূত’ ব্যক্তিকে নয় দিন পর উদ্ধার
গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর থেকে গত বৃহস্পতিবার ‘অপহূত’ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাঁকে নয় দিন আগে গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবার দাবি করেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফকির নজরুল ইসলাম (৩৮) নামের ওই ব্যক্তিকে রাজেন্দ্রপুরে একটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাদ তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন।এএসআই আজাদ প্রথম আলোকে বলেন, নজরুলকে তিনি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করেন। পরে তাঁর জ্ঞান ফেরার পর নাম-ঠিকানা জানতে পেরে তাঁকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন।স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর দেওড়ার ফকির মার্কেট এলাকার বাসিন্দা ফকির নজরুলের পরিবারের সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামানের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নজরুলের পরিবারের ভাষ্যমতে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় আসাদুজ্জামানসহ চার-পাঁচজন লোক নজরুলকে অপহরণ করে নিয়ে যায়। সূত্র জানায়, এ ঘটনায় নজরুলের বড় বোন আছমা বেগম ১৬ সেপ্টেম্বর টঙ্গী মডেল থানার অপহরণের মামলা করেন।সূত্র জানায়, নজরুলের বাড়িতে ফিরে আসার বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়ি ঘেরাও করে টঙ্গী থানায় খবর দেয়। পরে পুলিশ নজরুলকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মামুন হাসান বলেন, ‘বাদী ও বিবাদীর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বেরিয়ে আসছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।’