১৯ বছরেও একজন অপহৃত তরুণীর খোঁজ দিতে না পারা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বিচারহীনতা এবং অপরাধীদের আড়ালের চেষ্টার কারণে কল্পনা চাকমার অপহরণ ঘটনার সঠিক তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না।
গতকাল শুক্রবার কল্পনা চাকমার অপহরণের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণের ১৯তম বছরে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশন এই সমাবেশ আয়োজন করে।
সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি জড়িতা চাকমা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, ‘খুন, ধর্ষণ, অপহরণ নির্যাতন করে আন্দোলন দমন করা যায় না। কল্পনা চাকমার অহরণকারীদের যত দিন শাস্তি হবে না, পার্বত্যচুক্তি যত দিন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে না—তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়েস চাকমা।
সমাবেশের আগে রাঙামাটি শহরের কালিন্দীপুরের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন। এ ঘটনার জন্য কল্পনা চাকমার দুই ভাই, বিভিন্ন আদিবাসী ছাত্র, নারী ও রাজনৈতিক সংগঠন কজইছড়ি সেনাছাউনির সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট ফেরদৌস ও তাঁর সহযোগীদের দায়ী করে আসছে।