'অপহৃত' চেয়ারম্যান পদপ্রার্থী মুক্ত
নির্বাচনের দুই দিন আগে ‘অপহৃত’ কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও টৈটং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. শহিদুল্লাহ গত বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ফিরে এসেছেন।
শহিদুল্লাহর বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার বরইতলী সড়কের মাথা নামক এলাকায় অপহরণকারীরা তাঁকে ছেড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়। পরে তিনি পেকুয়া থানায় পৌঁছান।
ওসি বলেন, শহিদুল্লাহ ভালোভাবে কথা বলতে পারছেন না। তাঁর মানসিক অবস্থাও ভালো নয়। এ কারণে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। শহিদুল্লাহকে আশ্বস্ত করা হয়েছে, তাঁকে অপহরণে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে টৈটং ইউনিয়নের এবিসি মহাসড়কের জালিয়ার চাঙ এলাকা থেকে সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহকে অপহরণ করে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতে শহিদুল্লাহর স্ত্রী সেলিনা আকতার আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
নির্বাচনে জাহেদুল ইসলাম চৌধুরী জয়লাভ করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তাঁকে (শহিদুল্লাহ) কারা অপহরণ করেছে, তিনিই ভালো বলতে পারবেন। অপহরণের বিষয়ে আমি কিছু জানি না। আমি মনে করি, নির্বাচনে ফায়দা হাসিলের জন্য শহিদুল্লাহ আত্মগোপন করেন। আত্মগোপনে গিয়ে তিনি ৩ হাজার ৪৪৪ ভোট পেয়েছেন। প্রকাশ্যে থাকলে তিনি এত ভোট পেতেন না।’
শহিদুল্লাহর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।