'অপহৃত' ছাত্র দিল এইচএসসি পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপহরণের’ ২৮ দিন পর এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ‘অপহৃত’ পরীক্ষার্থী জিমান উদ্দিনকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই ‘অপহরণ’ নাটক সাজানো হয়েছিল।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও ‘অপহরণ’ মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ সরকার প্রথম আলোকে বলেন, জিমানকে অপহরণ করা হয়েছে দাবি করে তাঁর মা রোজিয়া বেগম চকরিয়া থানায় গত ১৫ মার্চ মামলা করেন। এতে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ তাঁর ছেলেকে অপহরণ করা হয়। স্বামী গিয়াস উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় প্রতিবেশী নয়জনকে আসামি করা হয়। তবে তদন্ত করতে জিমানকে অপহরণ করা হয়েছে এমন তথ্য না পেলেও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার সত্যতা পাওয়া যায়।
এসআই দেবাশীষ বলেন, গতকাল রোববার এইচএসসির বাংলা বিষয়ের প্রথম পরীক্ষায় অংশ নেয় জিমান। খবর পেয়ে কেন্দ্রে গিয়ে বাইরে অপেক্ষা করে পুলিশ। পরীক্ষা শেষে তাকে উদ্ধার করে থানায় আনা হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জিমান সাংবাদিকদের বলে, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে সে কিছুদিন ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, উদ্ধার করা কলেজছাত্র নিজেই স্বীকার করেছে, তাকে কেউ অপহরণ করেনি। মিথ্যা অভিযোগে থানায় মামলা করায় তার মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।