‘অপেক্ষায় আছি কখন মুসা দেশে ফিরবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার ময়মনসিংহে আছেন বলে এ সাফল্যের সঙ্গে এই জেলার নামও দেশে-বিদেশে প্রচার হচ্ছে। আমরাও উনার স্বামীর সাফল্যে খুব খুশি। তিন দিন ধরে স্যারকে শুভেচ্ছা জানাতে একের পর এক লোকজন আসছে। কিন্তু তিনি আদালতের কাজ ছাড়া কিছুই বোঝেন না।’গতকাল বুধবার বিকেলে এসব কথা বলেন ময়মনসিংহের সহকারী জজ আদালতের (ত্রিশাল উপজেলা) নাজির নাসরিনা আক্তার। এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমের স্ত্রী উম্মে সরাবন তহুরা ওই আদালতের সহকারী জজ। একই কথা বলেন ওই আদালতের হিসাবরক্ষক মো. কামাল উদ্দিন। তিনি বলেন, ‘স্যার এত আনন্দের মধ্যেও নীরবে কাজ করে যাচ্ছেন।’আদালতে কাজের অবসরে উম্মে সরাবন তহুরা বলেন, ‘আর দশজনের মতোই অপেক্ষায় আছি, কখন মুসা দেশে ফিরবে। প্রায় দুই মাস হয় ওকে দেখি না। গত কয় দিনে মুসাকে নিয়ে এত কিছু হচ্ছে, আমি ময়মনসিংহে বসেই এতে শরিক হয়েছি। ২ জুন তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তখন দুই-তিন দিনের জন্য ছুটি নেব।’ একমাত্র ছেলে ওয়াসি ইব্রাহীম রাইদ সম্পর্কে তিনি বলেন, ‘এতটুকু ছেলে পত্রিকার পাতায় ছবি দেখে বাবাকে ঠিকই চিনতে পারে। জানতে চায়, বাবা কই?’সরাবন তহুরা বলেন, ‘সারা দেশে থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন জনের অনেক শুভেচ্ছা পেয়েছি। ময়মনসিংহের জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মুসা ও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।’ তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবার সঙ্গে সেভাবে মিশতে পারছি না। তবে ময়মনসিংহের মানুষও যে মুসার এভারেস্ট জয়ে আন্দোলিত হয়েছে, তা বুঝতে পারছি। আজ (বুধবার) সারা দিন মুসার সঙ্গে কথা হয়নি। আশা করছি, রাতে কথা হবে। যতটুকু জেনেছি, তাঁর শরীরের অবস্থা খুব ভালো নয়। সবাই দোয়া করবেন, ভালোয় ভালোয় সে যেন বাংলাদেশে ফিরে আসে। আমাদের মাঝে ফিরে আসে।’ফুলেল শুভেচ্ছা: ময়মনসিংহের বিভিন্ন আইনজীবী সংগঠনের নেতারা গতকাল মুসার স্ত্রী হিসেবে উম্মে সরাবন তহুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ময়মনসিংহ জেলা শাখার নেতারা আদালতের খাসকামরায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সমিতির সহসভাপতি মিলাত ও সাধারণ সম্পাদক চুন্নুসহ সমিতির সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, দিলারা জাহান, তাসনিম ফেরদৌস, নার্গিস নাহার, হাবিবুজ্জামান, সফিক আহাম্মেদ, শামসুল হক, সাব্বির তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান খান, জেলা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি জোবেদ আলী, জাতীয় আইনজীবী পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি কাজী মোশারফ হোসেন সংগঠনের পক্ষ থেকে মুসা ইব্রাহীমের এ সাফল্যর জন্য শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, আমরা ময়মনসিংহবাসীও তাঁর এ সাফল্যে গর্বিত।