‘অপ্রাপ্তবয়স্কদের ধরে এনে বানানো হচ্ছে যৌনকর্মী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুসলিয়ে কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে এনে যৌনবৃত্তি করাতে বাধ্য করা হচ্ছে। ১২ মাসে ২৯ জন শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দৌলতদিয়ায় একটি বেসরকারি সংগঠন আয়োজিত শিশু সুরক্ষা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির দৌলতদিয়ার প্রধান কার্যালয়ে শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোহন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, একটি প্রভাবশালী চক্র দেশের বিভিন্ন স্থানে তাদের সদস্য নিয়োগ দিয়ে রেখেছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা কিশোরীদের এনে বিক্রি করে। যৌনপল্লির প্রভাবশালী কিছু বাড়িওয়ালিও এসব ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের সঙ্গে সখ্য থাকায় তাঁরা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন।সভায় শিশু সুরক্ষা কমিটির সদস্যসচিব মর্জিনা বেগম বলেন, ২০১১ সালের অক্টোবর থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত ২৯ জন কিশোরীকে তাঁরা উদ্ধার করে নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে যৌনপল্লিতে বিভিন্ন স্থান থেকে আসা এ ধরনের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উদ্ধারের ক্ষেত্রে তাঁদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ১০ মাসে অন্তত ২২ জন নারী ও কিশোরীকে উদ্ধার ও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিভিন্ন স্থানের চক্র জড়িত থাকায় সহজে সবাই ধরা পড়ে না।