'অপ্রীতিকর' ঘটনা রোধে উদ্যোগ নেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সড়ক-মহাসড়কে ‘অপ্রীতিকর’ ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেবে সরকার। আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্যসামগ্রী যেন বিনা বাধায় বাজারে ঢুকতে পারে, তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ জন্য ঢাকা মহানগরসহ সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুেকন্দ্র ও পানির পাম্পে ‘অবাঞ্ছিত’ ঘটনা রোধে পুলিশকে তত্পর থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, ‘শুধু বাস-ট্রাক টার্মিনাল নয়, ফেরিঘাটেও চাঁদাবাজি হয়। ফেরি পেরিয়ে ঢাকায় ঢুকতে একটি ট্রাকের ৮০০-৯০০ টাকা খরচ হওয়ার কথা, সেখানে তাদের চাঁদা দিতে হয় দুই হাজার ৪০০ টাকার মতো। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। একই সঙ্গে যানজটও নিয়ন্ত্রণ করতে হবে। বৈঠকে এসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পণ্যবাহী বাস-ট্রাক যেন দীর্ঘ সময় যানজটে আটকে না থাকে, সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে।  

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত আগের মতোই পরিচালিত হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করার অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থে পরিচালিত হয়। যেখানে প্রয়োজন, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারও দাবির মুখে এটা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, ‘বিদ্যমান সামগ্রীর মজুত ও সরবরাহ সন্তোষজনক পর্যায়ে আছে। দাম বাড়ার কোনো সুযোগ নেই। কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় নির্দেশ মানেন না। অযৌক্তিক কারণে কেউ যদি মজুত করেন, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও স্থানীয় সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, বিদ্যুত্ বিভাগ, ওয়াসা, বাংলাদেশ বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের পরিকল্পনা

পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধের জন্য পোশাকমালিকদের সঙ্গে আলোচনা করবে পুলিশ। এ ছাড়া রমজান মাসে বাস, রেল ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তত্পরতা বন্ধ; মহাসড়কে ডাকাতি প্রতিরোধ; টেলিফোন-মুঠোফোন ও অন্যান্য উপায়ে  চাঁদাবাজি বন্ধ; নৌ-টহল বাড়ানো; ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্র, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেবে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে যানবাহন না থামানো ও  মহাসড়কে নসিমন, করিমন, ভ্যান, রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।