বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) খুলনা কার্যালয়ে পাঁচ বছর ধরে সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে খুলনা অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত ও শিক্ষিত বেকার তরুণেরা প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।বিআইএম খুলনা কার্যালয়ের প্রধান সহকারী শিকদার মোল্লা জালাল উদ্দিন বলেন, ‘আমরা অফিসে আসি আর যাই। আমাদের কোনো কার্যক্রম নেই।’বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, একে তো খুলনা বিভিন্ন দিক থেকে বঞ্চিত; তার ওপর এমন একটা প্রশিক্ষণ প্রদানের প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বিভাগে মানুষের মেধা বিকাশে বড় ক্ষতি হচ্ছে।বিআইএম খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, ব্যাংক, বিমাসহ নানা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষিত বেকার যুবকদের বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৯৮১ সালে খুলনা নগরের বয়রা সড়কের পাশে ৪১ শতাংশ জমির ওপর বিআইএমের কার্যালয় গড়ে তোলা হয়। শুরু থেকেই অসংখ্য ব্যক্তি এখান থেকে বিপণন, উৎপাদন, কর্মী ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, বিক্রয়, হিসাবসহ আটটি বিয়য়ে তিন সপ্তাহের সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়েছেন।এ ছাড়া ২০০৪ সাল থেকে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ বিষয়ে এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ওই কোর্সে ২০০৪ সালে ১৯ জন, ২০০৫ সালে ২৫ জন, ২০০৬ সালে ১৮ জন ও ২০০৭ সালে ২১ জন প্রশিক্ষণ নিয়েছেন। চার প্রশিক্ষক ও এক কর্মকর্তার পরিচালনায় প্রতিষ্ঠানটি দিন দিন এলাকার মানুষের কাছে বেশ সমাদৃত হচ্ছিল। ২০০৫ সালে উপপরিচালক হিসেবে আবদুল কাদেরের যোগদানের পর একে একে ওই চার প্রশিক্ষক খুলনা থেকে বদলি হন। কিন্তু নতুন করে কোনো প্রশিক্ষক এখানে আসেননি। ওই বছরই সেখানে সব ধরনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়; আর এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের কার্যক্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে ২০০৭ সাল পর্যন্ত।আবদুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অনুপস্থিতির অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে প্রথমে বেতন বন্ধ, শেষে চলতি বছরের ৫ মার্চ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।গত ১১ সেপ্টেম্বর সকালে সরেজমিনে কার্যালয়ে প্রধান সহকারীসহ চারজনের দেখা মেলে। সেখানে স্ত্রীর ডিপ্লোমা প্রশিক্ষণের জন্য আসা খুলনা বিদ্যুৎ বিভাগে কর্মরত মফিজুর রহমান বলেন, ‘২০১০ সালে এসে শুনলাম, ২০১১ সালে ডিপ্লোমা কোর্স শুরু হবে। ২০১১ বলছিল, ২০১২ তে হবে। কিন্ত এখন বলছে, কবে হবে বলতে পারব না।’প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা রূপসা উপজেলার স্নাতক পাস বেকার তরুণ সিহাব উদ্দিন বলেন, ‘বিআইএম থেকে এক বছরের ডিপ্লোমা কোর্সটি করে একটা ভালো চাকরি পাওয়ার আশা করেছিলাম। কিন্তু শুনলাম, তাদের কার্যক্রম বন্ধ। গরিব মানুষ, এখন আমার পক্ষে ঢাকায় গিয়ে ডিপ্লোমা করা অসম্ভব।’বিআইএমের কেন্দ্রীয় পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল খান বলেন, ‘নতুন ম্যানেজমেন্ট আসছে। আশা করি, প্রতিষ্ঠানটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।’