'অবদানের স্বীকৃতিই পারে নারীর মর্যাদা বৃদ্ধি করতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বন্ধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন কঙ্কন কুণ্ডু। প্রথম আলো বন্ধুসভা রাজশাহী শাখা এ মেলার আয়োজন করে  l ছবি: প্রথম আলো
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বন্ধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন কঙ্কন কুণ্ডু। প্রথম আলো বন্ধুসভা রাজশাহী শাখা এ মেলার আয়োজন করে l ছবি: প্রথম আলো

পরিবার, সমাজ, কৃষি ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী অবদান রেখে চলেছেন সমানভাবে। কিন্তু নারীর এসব অবদান সব সময়ই থেকে যায় অন্তরালে, যার মূল্য হয় না কখনোই। নারীর সব ক্ষেত্রের অবদানের স্বীকৃতিই পারে নারীর মর্যাদা বৃদ্ধি করতে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার বন্ধুমেলা-২০১৪ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সরদার এসব কথা বলেন। ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগান সামনে রেখে এই মেলার আয়োজন করে প্রথম আলোর পাঠক ফোরাম প্রথম আলো বন্ধুসভা রাজশাহী শাখা। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রার সহযোগিতায় দিনব্যাপী এ মেলা হয়।
রাজশাহী অঞ্চলের বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নাচ, গান, আবৃত্তি আর মাঝেমধ্যে অতিথিদের বক্তব্য, সঙ্গে তরুণ প্রাণের উচ্ছ্বাস দিনভর মাতিয়ে রাখে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। আর এর মধ্য দিয়ে নারীকে তাঁর কাজের স্বীকৃতি ও মর্যাদাদানের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারী তরুণেরা।
জালাল উদ্দিন সরদার বলেন, ‘ফসল উৎপাদন থেকে শুরু করে ফসল সংরক্ষণ, বীজ সংরক্ষণসহ কৃষির প্রায় সব রকম কাজেই নারীরা অংশগ্রহণ করেন। কিন্তু, আমরা তাদের সেই পরিশ্রমের স্বীকৃতি দিতে চাই না। আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে।’
স্বাগত বক্তব্যে বেসরকারি সংস্থা মাত্রার ব্যবস্থাপক (যোগাযোগ) আরিফুল ইসলাম বলেন, ‘আমরা যদি কোনো গৃহিণীকে প্রশ্ন করি, আপনি কী করেন? উত্তরে তিনি সরাসরি বলেন, কিছুই করি না। কিন্তু, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটি কাজ তিনি করে যাচ্ছেন। আর তাদের সেই কাজের মজুরি যদি আমরা নিরূপণ করি, তাহলে তা প্রতি মাসে কয়েক লাখ টাকা হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, ‘বর্তমানে প্রথম আলো বন্ধুসভার সঙ্গে প্রায় এক লাখ তরুণ জড়িত রয়েছে। এই তরুণদের নিয়ে আমরা বাংলাদেশকে বসবাসের উপযোগী করতে চাই।’
এর আগে সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কিষানি মেহেরুন নেসা ও মিনতী হেমব্রম। এ সময় বন্ধুসভার পতাকা উত্তোলন করেন নূর হামিম রিজভী বীর প্রতীক। পরে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।