লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা
'অবনতি সত্ত্বেও' সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট ডিসি ও এসপি
লক্ষ্মীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। গতকাল বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় তাঁরা এ সন্তোষ প্রকাশ করেন।
তবে অনেকের অভিযোগ, লক্ষ্মীপুরের চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ নানা অপরাধ বেড়ে গেছে। কিন্তু কোনো পদক্ষেপ নেই।’
সভায় বলা হয়, গত জুলাইয়ে লক্ষ্মীপুর জেলায় ১টি ডাকাতি, ৩টি খুন, ৬টি নারী ও শিশু নির্যাতন, ১টি দস্যুতা, ১টি অপহরণ, ১টি সিঁধেল চুরি, ৪১টি মাদক-সংক্রান্ত অপরাধ ও ৭টি চুরির ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, কিছু চুরির ঘটনা ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা ভালো আছি।’