'অবরোধ-হরতালে জীবন শেষ'
‘অবরোধ-হরতালে জীবন শেষ। পেটের ক্ষুধা তো আর রাজনৈতিক কর্মসূচি বোঝে না। ব্যবসা লাটে উঠেছে। তাই চলতি মাসে চারজন কর্মী ছাঁটাই করেছি। বাকি যেসব কর্মী রয়েছে, তাদেরও বেতন দিতে পারছি না।’
গত মঙ্গলবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সাজ্জাদুর রহমান। কেবল সাজ্জাদুর নন, তাঁর মতো বিভিন্ন শ্রেণী-পেশার অনেক ব্যক্তিই এ রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশের সাম্প্রতিক অবস্থার জন্য রাজনৈতিক দলগুলোকে সরাসরি দোষারোপ করেছেন।
তাঁদের ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপির মতভিন্নতা ও একগুঁয়েমির কারণে জামায়াত-শিবির দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বন্দরবাজার এলাকার ফুটপাতের ব্যবসায়ী আজমল মিয়া বলেন, সকাল থেকে কাপড় নিয়ে বসেছেন। কিন্তু অবরোধের কারণে ক্রেতারা ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না। এ কারণে তাঁর কোনো কাপড় বিক্রি হয়নি।
চরম আতঙ্কে কাজ করছেন চৌহাট্টা এলাকার একটি ফার্মেসির কর্মচারী শাহিন আলম। বললেন, ‘আগে হরতাল-অবরোধের সময় ফার্মেসিগুলো সহিংসতার আওতামুক্ত থাকত। এখন তাও মানা হচ্ছে না।’ টিলাগড় এলাকার বাসিন্দা এমসি কলেজের শিক্ষার্থী মো. রুবেল মিয়া বলেন, ‘হরতাল-অবরোধে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের কথা কেউই যেন বিবেচনায় নিচ্ছে না।’
বড়বাজার এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের ফাঁসির রায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। অথচ সরকার তা সামাল দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া বেগম বলেন, ‘দেশকে ভয়াবহ নৈরাজ্যের হাত থেকে বাঁচাতে নির্বাচন কমিশনের নতুনভাবে তফসিল ঘোষণা করা উচিত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল বলেন, ‘জনগণকে জিম্মি করে একের পর এক রাজনৈতিক কর্মসূচি ঘোষিত হচ্ছে। এতে দেশের অর্থনীতি ক্রমশ পঙ্গু হয়ে পড়েছে।’