‘অবরোধের’ আগে নাশকতার আশঙ্কা হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি বানচাল করার লক্ষ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির আশঙ্কা, তাদের কর্মসূচি ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে বড় ধরনের নাশকতার ঘটনাও ঘটতে পারে।গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হেফাজতের ঢাকা মহানগর কমিটির নেতারা এসব অভিযোগ ও আশঙ্কার কথা জানান। সাভারে মর্মান্তিক ভবনধসের ঘটনা এবং ৫ মে অবরোধ কর্মসূচি সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করা হয়।হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী বলেন, সেনাবাহিনী ও সরকারি সংস্থাগুলো অত্যন্ত ধীরগতিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সপ্তাহেও আটকে পড়াদের উদ্ধার করা যাবে না। স্থানীয় গ্রামবাসী, ছাত্র, শ্রমিকেরাই মূলত উদ্ধারকাজ করছেন। এই মানবিক বিপর্যয়ে যার যা কিছু আছে, তা নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।মাওলানা কাশেমী অভিযোগ করেন, হেফাজতের নেতা-কর্মীরা ঘটনার দিন থেকে এ পর্যন্ত উদ্ধারকাজে যুক্ত আছেন। তাঁদের কয়েক হাজার কর্মী রক্তদান, খাবার সরবরাহ ও আর্থিক সহায়তা দিয়েছেন। কিন্তু এটি যাতে প্রচার না পায়, সে জন্য সরকারদলীয় সাংসদ মুরাদ জংয়ের নির্দেশে পুলিশ গতকাল শুক্রবার সেখানে হেফাজতের স্বেচ্ছসেবীদের ব্যানার ছিনিয়ে নেয় এবং উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের মাথায় বাঁধা পরিচিতি ফিতা খুলে ফেলতে বাধ্য করে।হেফাজতের ঢাকা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী বলেন, ‘একজন সামরিক মুখপাত্র গণমাধ্যমে বলেছেন, উদ্ধারকাজে আওয়ামী লীগ, যুবলীগ ও গণজাগরণের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। তিনি হেফাজতের কথা বলেননি। আমরা মনে করি, এ বক্তব্য তাঁর নিজের নয়, সরকার তাঁকে এ কথা বলতে বাধ্য করেছে। এটি সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের হীন চক্রান্ত।’ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করে হেফাজতে ইসলাম।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের নগর কমিটির উপদেষ্টা আবদুল লতিফ নেজামী, সদস্যসচিব জুনাইদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক মুফতি তৈয়্যব, আবুল হাসানাত আমিনী, মনজুরুল ইসলাম প্রমুখ।