
অবশেষে তার দেখা পেলাম। প্রায় ১৭ বছর পর। ১৪ নভেম্বর ১৯৯৬। বন্ধু ডা. নুরুর রহমানের আমন্ত্রণে তাঁর কর্মস্থল শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে বেড়াতে গেছি। সঙ্গে শরীফ খান, ফরহাদ মাহমুদ ও শিহাব উদ্দিন। চা গবেষণা ইনস্টিটিউট ও আশপাশে দিনভর ঘুরে পরদিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে গেলাম। লাউয়াছড়ার প্রকৃতি সে সময় আরও নিবিড় ও নির্জন ছিল। পাখি ও প্রাণী দেখতে দেখতে বনের বেশ গহিনে একটা ঝিরি বা ছড়ার ধারে চলে এলাম। ওপাশে একটা টিলা। এখানে বেশ কিছু পাখি, কাঠবিড়ালি ও একপাল হনুমানের সঙ্গে দেখা হলো। কিন্তু আমরা খুঁজছিলাম ‘লেজবিহীন এক ভদ্রলোককে’। ঘণ্টা চারেকের পথচলায় বেশ ক্লান্তি বোধ করছিলাম। ঝিরির পানিতে হাত-মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুটা তন্দ্রাও পেয়ে বসেছিল। এমন সময় ওই ভদ্রলোকদের ডাক কানে এল। কিন্তু চারপাশে তাকিয়ে কারও দেখা পেলাম না। আমার ক্যামেরার লেন্স ততটা শক্তিশালী না হওয়ায় আমি ও শরীফ ভাই ওখানেই বসে রইলাম। ক্যামেরা হাতে ফরহাদ ভাই ও শিহাব ডাক অনুসরণ করে ছুটলেন। টিলা পেরিয়ে তাঁরা গেলেন অনেক দূর। ডাক ক্ষীণ হতে হতে একসময় হারিয়ে গেল। ঘণ্টা খানেক ব্যর্থ হয়ে তাঁরা ফিরে এলেন।সেই থেকে ওই ভদ্রলোকদের একটুখানি দেখার আশায় বহুবার লাউয়াছড়ায় গেছি। তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি। কাপ্তাই, আদমপুর বা অন্যান্য বনেও খুঁজেছি। ফলাফল একই। এবারই গত ২৬ এপ্রিল ‘লালমাথা ট্রগন’ দেখার আশায় সহকর্মী জিন্নাহ ও বন্য প্রাণী গবেষক তানিয়া খানের সঙ্গে কমলগঞ্জের আদমপুরে গেলাম। নতুন একটা প্রজাপতির দেখা পেয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছি। এমন সময় তানিয়া আপা বললেন, ‘গাছের আগায় দেখুন, কারা বসে আছে।’ ওপরে তাকিয়ে তো আমি থ বনে গেলাম। যে ভদ্রলোকদের এত দিন ধরে খুঁজছি, আজ তারা ঠিক আমার মাথার ওপরে গাছের মগডালে? তাও একেবারে বউ-বাচ্চাসমেত। হঠাৎ দেখা পাওয়ার উত্তেজনা অনেক কষ্টে দমন করলাম। এরপর স্থির হয়ে পটাপট কয়েকটি ছবি তুলে ফেললাম। কিছুক্ষণ পর ওরা আমার দৃষ্টির বাইরে চলে গেল। কিন্তু ওদের ডাক শুনতে পেলাম আরও ঘণ্টা খানেক।
এতক্ষণ যে ভদ্রলোকের গল্প করলাম, সে আর কেউ নয়, এ দেশের এক অতি বিপন্ন (Critically Endangered) ‘উল্লুক’ (Hoolock Gibbon, Western Hoolock or White-browed Gibbon)। এরা ‘বনমানুষ’, ‘নরবানর’ ‘হুতু বান্দর’ বা ‘কালা বান্দর’ নামেও পরিচিত। এরাই এ দেশের একমাত্র লেজবিহীন বানর। বৈজ্ঞানিক নাম Hoolock hoolock।
উল্লুক উচ্চতায় ৪০-৬৩ সেন্টিমিটার হয়। তবে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এক মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের হাত অস্বাভাবিক লম্বা; পায়ের প্রায় দ্বিগুণ। দাঁড়ানো অবস্থায় হাত মাটি ছুঁই ছুঁই করে। ওজন ছয় থেকে আট কেজি হয়ে থাকে। বয়স ও লিঙ্গভেদে উল্লুকের দেহের রঙের বেশ তারতম্য দেখা যায়। ভ্রু ছাড়া পুরুষগুলোর পুরো দেহই কালো লোমে ঢাকা। অন্যদিকে, স্ত্রীগুলোর দেহের রং হলদে-ধূসর; ভ্রু সাদা ও চোখের চারদিকে সাদা বলয়। হাত এবং হাত ও পায়ের আঙুল কালো। বাচ্চাদের গায়ের লোম ধূসর-সাদা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। আবার প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীগুলোর দেহের রং হলদে-ধূসর হয়ে ওঠে।
এদের জুটি সারা জীবন অটুট থাকে। এক জোড়া প্রাণী সারা জীবন জোড় বেঁধে থাকে। এরা সাধারণত চার-ছয়টির ছোট দলে থাকে। দলে বাবা-মা ছাড়াও এক-তিনটি বাচ্চা থাকতে পারে। সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা জোড়া খুঁজে নিয়ে পৃথক হয়ে যায়। ৪০-৫০ হেক্টর বন এলাকা নিয়ে একটি দল বিচরণ করে। দলের একটি নির্দিষ্ট বিচরণ এলাকা রয়েছে। সেখানে অন্য কাউকে আসতে দেয় না। এরা দিবাচর। একান্তভাবে পানি পানের প্রয়োজন না হলে মাটিতে নামে না। গাছে গাছেই কাটায়। দলের সবাই একসঙ্গে খাবার খোঁজে ও কাছাকাছি ঘুমায়। সাধারণত ভোর ও শেষ বিকেলে খাবার খোঁজে। মূলত ফল, গাছের পাতা ও কীটপতঙ্গ খেয়ে থাকে। তবে পাখির ডিম, বাঁশের কচি পাতা আর ফুলও খায়। সাধারণত গাছের মগডালে বিচরণ করে। ‘হু-উ, হু-উ, হু-উ’ বা ‘হুকু-উ, হুকু-উ, হুকু-উ, হুকু-উ’ স্বরে ডাকে।
এরা মিশ্র চিরসবুজ ও পাতাঝরা বনে বাস করে। বর্তমানে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের খণ্ড খণ্ড পাহাড়ি বনে এদের দেখা মেলে। গত ৪০ বছরে সারা বিশ্বের প্রায় ৫০% উল্লুক কমে গেছে বন ধ্বংস (আবাস নষ্ট), ক্ষুদ্র ক্ষুদ্র বনে ভাগ হওয়া এবং শিকার ও মানুষের হস্তক্ষেপের কারণে। সূত্রমতে বর্তমানে আমাদের দেশে ২০০-২৮০টি উল্লুক টিকে আছে। পরাগায়ন ও বীজ ছড়িয়ে গাছের বংশবিস্তারে এরা বেশ ভূমিকা রাখে। সারা বিশ্বে এটি বিপন্ন এবং এ দেশে অতিবিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত।
মে-আগস্ট এদের প্রজননকাল। প্রায় ১৮৬ দিন গর্ভধারণের পর স্ত্রী উল্লুক নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে একটি মাত্র বাচ্চা প্রসব করে। সাধারণত প্রতি তিন বছর পর পর এরা বাচ্চা দেয়। বাচ্চা প্রায় ছয় মাস মায়ের দেহের সঙ্গে লেগে থাকে ও দুধ পান করে। বাচ্চারা প্রায় দুই বছর বয়সে দুধ ছাড়ে ও পাঁচ-ছয় বছরে পূর্ণবয়স্ক হয়ে যায়। এরপর বাবা-মাকে ছেড়ে স্বাধীনভাবে জীবন ধারণ করে। এরা প্রায় ২৫ বছর বাঁচতে পারে।