'অবসর' শব্দকে অবসরে পাঠাতে হবে: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবসর’ শব্দকে অবসরে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস৷ ভারতের হায়দরাবাদে গত শুক্রবার শেষ হওয়া প্রবীণদের এক অান্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন৷ গতকাল শনিবার ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
১০ জুন সম্মেলনটি উদ্বোধন করেন ভারতের সদ্য প্রতিষ্ঠিত তেলেঙ্গানা রাজ্যের উপমুখ্যমন্ত্রী টি রাজাইয়াহ৷ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ড. মুহাম্মদ ইউনূস৷
বক্তৃতায় অধ্যাপক ইউনূস বলেন, নির্দিষ্ট কিছু বছর কর্মব্যস্ততায় পার করার পর আমরা জীবনের এক ধাপ থেকে অন্য একটি ধাপে পদার্পণ করি৷ কিন্তু এই পর্যায়কে অবসর জীবন বলা ঠিক নয়৷ জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি মানুষ কেন নিজেকে কর্মব্যস্ত রাখার চেষ্টায় নিয়োজিত থাকবেন না, তার কোনো কারণ নেই৷
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস বলেন, এ জন্যই ‘অবসর’ শব্দটিকে অবসরে পাঠানো উচিত৷ অবসর জীবনে পা রাখা একজন ব্যক্তিকে তাঁর জীবনের এ পর্যায়কে সবচেয়ে মূল্যবান সময় হিসেবে নেওয়া উচিত৷ ‘অবসর’ শব্দটি যে অর্থ বোঝায়, সে অনুযায়ী এটি ‘নিভে যাওয়া’ বা ‘গুটিয়ে ফেলার’ সময় হতে পারে না৷ বরং পুরোমাত্রায় সমাজকে সৃজনশীলতা উপহার দেওয়ার সময়৷
বয়স্ক ব্যক্তিরা সামাজিক ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারেন বলে পরামর্শ দেন অধ্যাপক ইউনূস৷ এ ছাড়া পেনশন থেকে ৫ শতাংশ অর্থ সামাজিক ব্যবসা তহবিলে দেওয়ারও প্রস্তাব রাখেন ক্ষুদ্রঋণের এই প্রবক্তা৷