'অবহেলার কারণেই আদিবাসীরা আজও অধিকারবঞ্চিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেছেন, সরকারের অবহেলার কারণেই আদিবাসীরা আজও অধিকারবঞ্চিত। বর্তমান সরকারও আদিবাসীদের সঙ্গে মিথ্যাচার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাতীয় আদিবাসী পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
রবীন্দ্রনাথ সরেন বলেন, শুধু বর্তমান সরকারই নয়, এর আগের অন্যান্য সরকারও আদিবাসীদের একই বঞ্চনা ও অবহেলা করেছে। এ কারণেই আজ আদিবাসীরা পিছিয়ে আছে। মূলধারায় যুক্ত হতে পারছে না।
জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, উপদেষ্টা রফিকুল ইসলাম, সবিন চন্দ্র মুন্ডা প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। এর আগে টাউন ক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।