‘অবহেলার বিদ্যালয়’ উড়ে গেল ঝড়ে
সংস্কারের নামে তিন-তিনবার টিআরের বরাদ্দ নেওয়া হয়। অথচ বরাদ্দ করা গম ও টাকায় কাজ হয়নি একবারও। অবহেলায় পড়েছিল বিদ্যালয়ের ঘরটি। গত রোববারের ঝড়ে সে ঘরটিই উড়ে গেছে। শিশুরা এখন গাছতলায় বসে পড়াশোনা করছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঘুঘুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।জানা যায়, ঝড়ের ভয়ে রোববার বিদ্যালয় ছুটির একটু আগেই বাড়ি ফিরেছিল শিক্ষার্থীরা। সোমবার সকালে তারা এসে দেখে, ঝড়ে চালাঘরটির টিন উড়ে গেছে। দুমড়ে-মুচড়ে পড়ে আছে ঘরের বেড়াগুলো। উড়ে যাওয়া টিনগুলো এনে জড়ো করে রেখেছেন শিক্ষকেরা।সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বই নিয়ে বিমর্ষ মুখে মাঠে বসে আছে। এরই মধ্যে শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী গাছতলায় বসিয়ে পাঠদান শুরু করেন শিক্ষক কুসুম রানী রায়, মো. রাজা ও ফরমান আলী।চতুর্থ শ্রেণীর ছাত্রী রেখা আক্তার জানায়, এখন ক্লাস হবে কোথায়? পরীক্ষা হবে কোথায়? সবুজ আলম, মুন্নী আক্তার ও রুমি আক্তারের প্রশ্ন, ‘এখন আমাদের কী হবে?’জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে স্থাপিত ঘুঘুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৬ সালে নিবন্ধন হয়। ২০০৫ সাল থেকে সরকারি অংশের বেতন-ভাতা পান শিক্ষকেরা।সহকারী শিক্ষক কুসুম রানী রায় ও মো. রাজা বলেন, ‘১৯৯২ সাল থেকেই স্কুলঘরের পেছনে টাকা খরচ করছি আমরা। বেড়া বাঁধা, খুঁটি, বাঁশ কেনাসহ সবকিছুই করতে হয় আমাদের বেতনের টাকা থেকে। আমরা কয় টাকাই বা বেতন পাই!’প্রধান শিক্ষক ফরমান আলী আক্ষেপ করে জানান, পাকা ভবনের জন্য প্রতিবছর তালিকা হয়। কিন্তু স্কুল পাকা হয় না। অথচ ২০০৫ সালে স্থাপিত স্কুলও পাকা হয়ে গেছে।প্রসঙ্গত, বিদ্যালয়টির সংস্কার ও মাঠ ভরাটের নামে তিনবার টিআরের বরাদ্দ মেলে। সংশ্লিষ্ট থাকা প্রকল্প চেয়ারম্যান ও সহযোগীরা তিনবারই গম ও টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আছে। এ নিয়ে গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘বরাদ্দ তিনবার, কাজ হয়নি একবারও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বিদ্যালয়ের নড়বড়ে চালাঘরের একটি ছবিও ছাপা হয়। গত ৩ মার্চ ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ) আনিসুর রহমান পীরগঞ্জের বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্তে আসেন। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান প্রথম আলোকে জানান, পীরগঞ্জের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ই পাকা হয়ে যাবে। ওই বিদ্যালয়টিও সেই তালিকায় আছে।