'অবাক হইয়্যা গেছি, এত ফাঁকা রাস্তা'
পবিত্র ঈদুল আজহার এক দিন বাকি থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চিরচেনা সেই যানজট আর নেই। মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। এমনকি মাঝেমধ্যে মহাসড়ক ফাঁকাও হয়ে যাচ্ছে। পোশাক কারখানা ছুটি না হওয়া, পশুবোঝাই যানবাহন মহাসড়কে না চলা ও ঢাকা শহরে চলাচলকারী যানবাহন এই মহাসড়কে এখন পর্যন্ত না ঢোকায় মহাসড়কে নির্বিঘ্নে যান চলছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে মহাসড়কে নির্বিঘ্নে যান চলতে দেখা গেছে। সকাল ১০টার দিকে প্রায় ১৫ মিনিট মির্জাপুর বাইপাস স্টেশনে দাঁড়িয়ে দেখা যায় আগে ঈদের সময় যানজটের কারণে যানবাহনের চাকা থেমে থাকত। সেখানে গড়ে প্রতি মিনিটে ৮ থেকে ১০টি যান আসা-যাওয়া করছে। এ ছাড়া থেকে থেকে মহাসড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের জামুর্কী, পাকুল্যা, কদিম ধল্যা, শুভুল্যা, কুর্ণী, মির্জাপুর ও দেওহাটা এলাকা ঘুরে দেখা গেছে, অন্যবারের মতো ঈদুল আজহার এক দিন আগে পশুবোঝাই যানবাহন চলাচল করছে না।
ঢাকা থেকে গোপালপুরগামী বাসচালক মো. জামাল উদ্দিন বলেন, ‘আমি অবাক হইয়্যা গেছি, ভাই। এত ফাঁকা রাস্তা। তবে গরুর ট্রাক বন্ধ করায় জাম কম আছে। আজকে বিকেল থেকে গার্মেন্টস ছুটি অইলে অবশ্যই জাম অবো।’
মির্জাপুর বাইপাসে কর্মরত মির্জাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য রিপন মিয়া জানান, আগে ঈদুল আজহার সময় মহাসড়ক যানবাহনে পরিপূর্ণ থাকত। কিন্তু এবার ফাঁকা।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকেল থেকে যানজট লাগার আশঙ্কা রয়েছে।